logo

আমিরাতে গাড়ি রাস্তার ডান পাশ ধরে চলার ঐতিহাসিক রহস্য

ফরহাদ হুসাইন
ফরহাদ হুসাইন, মধ্যপ্রাচ্য ব্যুরো
আমিরাতে গাড়ি রাস্তার ডান পাশ ধরে চলার ঐতিহাসিক রহস্য
আরব আমিরাতে অনেক নারী ব্যক্তিগত গাড়ি নিজেরাই ড্রাইভ করেন। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

বাংলাদেশ থেকে আমিরাতে আসা প্রবাসীরা প্রথম ধাক্কা খান এখানকার রাস্তায়। চেনা বাঁ পাশের বদলে গাড়িঘোড়া ছুটছে ডান পাশ ধরে। তাই স্বাভাবিক প্রশ্ন, আমিরাতে কেন গাড়িঘোড়া ডান পাশ ধরে চলে? উত্তর শুধু "আইনে আছে তাই" এমনটি নয়। এর পেছনে রয়েছে তেল, মার্কিন গাড়ি আর এক শাসকের সিদ্ধান্তের গল্প।

সেই বৃহস্পতিবারের ভোর

১৯৬৬ সালের আগস্টে দুবাই পৌরসভার পরিচালক কামাল হামজার সই করা এক বিজ্ঞপ্তিতে ঘোষণা আসে, ১ সেপ্টেম্বর ভোর ৫টা থেকে দুবাইয়ে ডান পাশে গাড়ি চলবে। রাউন্ডঅ্যাবাউট ঘুরবে ঘড়ির কাঁটার উল্টো দিকে, ওভারটেক হবে বাঁ পাশ দিয়ে। দিনটি ছিল বৃহস্পতিবার, ২০০৬ সাল। সাপ্তাহিক ছুটির প্রথম দিন। তাই পথঘাটও ছিল তুলনামূলক ফাঁকা। কিছু জায়গায় সামান্য বিভ্রান্তি ছাড়া বড় কোনো সমস্যার তথ্য নেই। বিজ্ঞপ্তির একটি কপি এখনো দুবাই পৌরসভা জাদুঘরে টাঙানো আছে।

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

কেন বদলে গেল পথের দিক

কারণটি রাস্তার চেয়ে তেলের সঙ্গে বেশি জড়িত। ১৯৬৬ সালেই মার্কিন কোম্পানি কন্টিনেন্টাল দুবাইয়ে বাণিজ্যিক ভাবে তেল উত্তোলনের দায়িত্ব পায়। তখন আমেরিকান পরিবারের আগমনের প্রস্তুতি চলছিল। আর দুবাইয়ে আমদানিতে আগে থেকেই ছিল মার্কিন গাড়ির আধিপত্য। এসব গাড়ির স্টিয়ারিং বাঁ পাশে, তাই ডান পাশে চলার যুক্তিটাও স্বাভাবিকভাবে জোরালো হয়। ১৯৬০ সালে চালু হয় বিমানবন্দর, সে বছরই প্রথম পাকা সড়ক নির্মিত হয়। শহরের জনসংখ্যা তখন প্রায় ৭০ হাজার।

প্রস্তাবটি এসেছিল শাসকের কাছ থেকেই। শেখ রাশিদ বিষয়টি তোলেন ট্রুশিয়াল স্টেটস কাউন্সিলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবুধাবি ছাড়া ট্রুশিয়াল স্টেটসের সবখানে ১ সেপ্টেম্বর থেকে নিয়মটি চালু হবে।

ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল আরব আমিরাত

শুধু দুবাই নয়

আরব উপসাগরীয় ডিজিটাল আর্কাইভের নথি অনুযায়ী কাতারে ডান পাশ ধরে গাড়ি চলাচলের নিয়ম চালু হয় ১৯৬৫ সালে, বাহরাইন ১৯৬৭ সালে, সুইডেনও ওই বছরেই। এ বদল ছিল বিশ্বজুড়ে চলা প্রবণতারই অংশ। বিশ শতকে অনেক দেশই এ পরিবর্তন করেছে। আজ বিশ্বের অধিকাংশ দেশেই গাড়ি ডান পাশে চলে। আমেরিকার পেনসিলভেনিয়া ১৭৯২ সালেই ডান পাশে চলার আইন করেছিল।

স্টিয়ারিং আর ওভারটেকের যুক্তি

গাড়ির স্টিয়ারিং বাঁ পাশে থাকা এ নিয়মের কারণ নয়, বরং সঙ্গী। ডান পাশে চললে বাঁ পাশে বসা চালক সামনের রাস্তা ও উল্টো দিকের গাড়ি ভালো দেখতে পান। এতে গাড়ি আমদানি, চালক প্রশিক্ষণ ও ট্রাফিক ব্যবস্থাপনা অন্য ডান পাশে চলা দেশের সঙ্গে সহজে মেলে। ওভারটেক হয় বাঁ পাশ দিয়ে, তবে রাস্তার চিহ্ন অন্য কিছু বললে সেটাই মানতে হয়।

সৌদিকে ঘায়েল করতেই আরব আমিরাতের ওপেক ত্যাগ: বিশ্লেষক

ধর্মীয় কারণ কি?

কেউ কেউ ভাবেন, ইসলামে ডান দিকের প্রতি উৎসাহ আছে বলেই মুসলিম দেশে ডান পাশে চলা হয়। তবে এ ধারণার পক্ষে কোনো সূত্র পাওয়া যায়না। বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো মুসলিমপ্রধান অনেক দেশেই গাড়ি বাঁ পাশে চলে। দুবাইয়ের ব্যাপারটি ঘটে তেল আর মার্কিন গাড়ির প্রভাবে। তবে আমিরাতের ট্রাফিক আইন মানা এখন আইনি ও নৈতিক দায়িত্ব, কারণ এতে জীবন ও সম্পদ রক্ষা হয়।

নতুন প্রবাসীদের জন্য

বাংলাদেশে গাড়িগুলো চলে বাঁ পাশ ধরে। তাই আমিরাতে এসে অনেকেই বিপাকে পড়েন, এ উল্টো পথে অভ্যস্ত হতে সময়ও লাগে তাদের। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন পথচারী। কারণ, রাস্তা পার হওয়ার সময় এখানে প্রথমে গাড়ি আসে বাঁ দিক থেকে। তবে, এই ছোট অভ্যাসটুকু বদলাতে পারলেই দেশটিতে পথচলা একেবারেই নিরাপদ।