logo

লটারিতে ৩৩ লাখ টাকা জিতলেন বাংলাদেশি শুভ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, দুবাই (সংযুক্ত আরব আমিরাত)
লটারিতে ৩৩ লাখ টাকা জিতলেন বাংলাদেশি শুভ
‘বিগ টিকেটে’ পুরস্কার জেতা বাংলাদেশি প্রবাসী আরিফুজ্জামান শুভ। ছবি: সংগৃহীত

‎টানা দুই বছরের নিরবচ্ছিন্ন চেষ্টা, ধৈর্য এবং অদম্য আশার ফল পেলেন বাংলাদেশি প্রবাসী আরিফুজ্জামান শুভ (৩৮)। সংযুক্ত আরব আমিরাতের বহুল কাঙ্ক্ষিত ‘বিগ টিকেট’ লটারির ২৮৯তম সিরিজে ১ লাখ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ লাখ টাকা) সান্ত্বনা পুরস্কার (কনসোলেশন প্রাইজ) জয় করে নিয়েছেন তিনি।

‎​জীবিকার তাগিদে গত ১৭ বছর ধরে আমিরাতের আজমান শহরে বসবাস করছেন পেশায় ম্যানেজার শুভ। পরিবার দেশে থাকলেও ভাগ্য বদলের স্বপ্ন বুকে নিয়ে প্রতি মাসেই নিয়ম করে লটারির টিকেট কিনতেন। তবে একা নন, ১০ জন প্রিয় বন্ধুর সমন্বয়ে গড়া একটি গ্রুপের মাধ্যমে নিয়মিত অংশ নিতেন এই লটারি উৎসবে।

‎​অবশেষে দীর্ঘ দুই বছরের ধারাবাহিক এই রুটিনই এনে দিল বহু প্রতীক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ। লটারির সিরিজ ২৮৯-এর ফলাফলে ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন হয় তাদের ওপর।

‎​

বিজয়োল্লাস প্রকাশ করে আরিফুজ্জামান শুভ বলেন, ‘গত দুই বছর ধরে প্রতিটা মাসেই আমরা নিয়ম করে টিকেট কেটেছি। কখনো হতাশ হয়ে আশা ছেড়ে দেইনি। এই জয় শুধু আমার একার নয়, আমাদের পুরো ১০ জন বন্ধুর বিশ্বাসের জয়।’