দক্ষিণ কোরিয়ায় কৃষি খাতে নিয়োগ, সুযোগ পাচ্ছেন ২ জেলার নাগরিক

দক্ষিণ কোরিয়ার দাংজিন সিটিতে কৃষি খাতে মৌসুমি কর্মী নিয়োগ করা হবে। দাংজিন সিটি কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা নারী ও পুরুষের কাছ থেকে দওখাস্ত চাওয়া হয়েছে। আগামী ৩ আগস্ট সকাল ১০টা থেকে ৪ বিকাল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে। ই-৮ (E-8) খাতের এই চাকরির মেয়াদ ন্যূনতম পাঁচ মাস এবং সর্বোচ্চ আট মাস।
বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়ার দাংজিন সিটি কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার দাংজিন সিটিতে কৃষি খাতে মৌসুমি কর্মী নিয়োগ করা হবে। এ লক্ষ্যে দাংজিন সিটি কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা/উপজেলা কার্যালয়ের তালিকাভুক্ত কৃষিজীবীদের কাছ থেকে নির্ধারিত শর্তসাপেক্ষে আবেদন আহ্বান করা হয়েছে।
পদসংখ্যা
মৌসুমি কৃষি খাতে পুরুষ কর্মী নেওয়া হবে ১০ জন এবং নারী কর্মী নেওয়া হবে ১৮ জন। সবার চাকরির মেয়াদ ন্যূনতম পাঁচ মাস এবং সর্বোচ্চ আট মাস। বেতন প্রতি ঘণ্টায় ১০,০৩০ ওন, যা বাংলাদেশি মুদ্রায় ৮৭১ টাকার বেশি। ভিসার ধরণ-E-8।
চাকরির শর্তাবলি
১. কৃষি খাতের সকল মৌসুমি কার্যক্রমসহ কঠিন ও শ্রমনির্ভর প্রকৃতির সকল ধরনের কাজ করার মানসিকতা, শারীরিক সক্ষমতা ও আন্তরিক আগ্রহ থাকতে হবে;
২. নিয়োগদাতার কাজের প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় দায়িত্ব পালন ও কাজ করার মানসিকতা থাকতে হবে;
৩. কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলার আওতাধীন জেলা/উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ১ বছরের অধিক সময় কাজের অভিজ্ঞতার অফিসিয়াল সনদ থাকতে হবে;
৪. বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে;
৫. পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১ বছর থাকতে হবে;
৬. সুঠাম দেহের অধিকারী ও ওজন ৫০-৭৫ কেজি-এর মধ্যে হতে হবে;
৭. পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত নাম, জন্ম তারিখ এবং ছবির মধ্যে সামঞ্জস্য থাকতে হবে;
৮. পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে শালীনতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে;
৯. মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১০. ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তিপ্রাপ্ত ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১. দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২. দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১৩. স্থানীয় কৃষি-সংক্রান্ত আইন ও নিয়োগদাতার চাহিদা অনুযায়ী কাজের সুযোগ থাকলে প্রতি ঘণ্টা হিসেবে মজুরি প্রদান করা হবে। কর্মঘণ্টা দৈনিক সর্বোচ্চ ১০ ঘণ্টা পর্যন্ত গণ্য হবে। কর্মস্থলে যাতায়াত, লাঞ্চ এবং বিশ্রামের সময় কর্মঘণ্টার অন্তর্ভুক্ত হবে না;
১৪. বৈরী আবহাওয়া, বৃষ্টিপাত বা নিয়োগদাতার কাজ না থাকলে উক্ত সময় কোনো প্রকার বেতন, মজুরি প্রাপ্য হবে না;
১৫. থাকা, খাওয়া ও অন্যান্য ব্যক্তিগত ব্যয় কর্মীকে বহন করতে হবে। তবে নিয়োগদাতা কর্তৃক উক্ত ব্যয় বহন করলে, সংশ্লিষ্ট অর্থ কর্মীর বেতন থেকে কর্তন করা হবে;
১৬. অন্যান্য সুযোগ সুবিধা কোরিয়ার দাংজিন সিটির স্থানীয় (আঞ্চলিক) আইন অনুযায়ী প্রযোজ্য।
অনলাইন আবেদন পদ্ধতি
দাংজিন সিটি কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী আগ্রহী ও যোগ্য প্রার্থীগণ বর্ণিত শর্তাবলি সাপেক্ষে আগামী ৩ আগস্ট সকাল ১০ টা থেকে ৪ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত পোর্টাল https://brms.boesl.gov.bd-এ অনলাইনের মাধ্যমে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে।
নির্বাচনপদ্ধতি
১. দাংজিন সিটি কর্তৃপক্ষের অধীনস্থ নিয়োগকর্তার প্রতিনিধিগণ আবেদনকারীদের দাখিলকৃত তথ্য, যোগ্যতা, অভিজ্ঞতা এবং চাকরির শর্তাবলির আলোকে যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রণয়ন করবেন;
২. উক্ত প্রার্থীদের নিয়োগকর্তার প্রতিনিধি কর্তৃক সরাসরি মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং
৩. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিশেষ নির্দেশনা
বোয়েসেল জানায়, মন্ত্রণালয় এবং দাংজিন সিটির মধ্যে সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী আবেদন/নিবন্ধনের ক্ষেত্রে কোনো তথ্য গোপন করা, মিথ্যা তথ্য প্রদান, জাল বা ভুয়া তথ্য-উপাত্ত দাখিল কিংবা প্রতারণার আশ্রয় গ্রহণ করলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া, সংশ্লিষ্ট প্রার্থীকে তার পাসপোর্ট নম্বরের ভিত্তিতে তিন বছরের জন্য মৌসুমি কর্মসূচিতে কালো তালিকাভুক্ত (Blacklist) করা হবে। ফলে তিনি পরবর্তী তিন বছর মৌসুমি কর্মসূচির কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন না;
আরও বলা হয়, চাকরির জন্য আবেদনকারীকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল শর্ত ও যোগ্যতা পূরণ করে চূড়ান্তভাবে নির্বাচিত হতে হবে। দক্ষিণ কোরিয়া সরকারের প্রচলিত অভিবাসন বিধি অনুযায়ী বর্তমানে বাংলাদেশ থেকে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যম ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা এজেন্সির মাধ্যমে E-8 (মৌসুমি/সিজনাল) ভিসা ক্যাটাগরিতে কর্মী পাঠানোর কোনো সুযোগ নেই। এই নিবন্ধন, চাকরির সাক্ষাৎকার ও নির্বাচনপ্রক্রিয়া কোনোভাবেই চাকরির নিশ্চয়তা প্রদান করে না।
.png)





