যুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
যুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
কবির হোসেন মৃধা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাকচাপায় কবির হোসেন মৃধা নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় সময় গত ২০ জুন সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। রোববার (২১ জুন) দুপুরে কবির হোসেনের আত্মীয় হেমায়েত হাওলাদার যুক্তরাষ্ট্রে বসবাসরত নিহতের স্ত্রী রুমা আক্তারের বরাত দিয়ে এ তথ্য জানান।

Advertisement

নিহত কবির হোসেন মৃধা (৫৫) বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছোট ছেলে। তিনি ১৫ বছর আগে ডিভি লটারিতে বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্রে যান।

হেমায়েত হাওলাদার বলেন, কবির হোসেনের স্ত্রী ও এক ছেলে সেখানেই যুক্তরাষ্ট্রে বসবাস করেন। কবির হোসেন ফ্লোরিডায় ব্যবসা করতেন। ২০ জুন সকাল ৮টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়ানো ছিলেন কবির হোসেন। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

হেমায়েত হাওলাদার জানান, জীবিত অবস্থায় কবির হোসেনের ইচ্ছানুযায়ী গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। এ জন্য যুক্তরাষ্ট্র থেকে তার লাশ বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে।

অপরদিকে কবির হোসেন মৃধার মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে ছড়িয়ে পরলে আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় :বরিশাল