logo
Advertisement

সৌদি ব্যবসায়ীদের আকৃষ্ট করছে বাংলাদেশি পণ্য

রফিক চৌধুরীজেদ্দা, সৌদি আরব
সৌদি ব্যবসায়ীদের আকৃষ্ট করছে বাংলাদেশি পণ্য
সৌদি আরবের জেদ্দায় 'বাংলাদেশ এসএমই শোকেস। ছবি: এশিয়া পোস্ট

সৌদি আরবের জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 'বাংলাদেশ এসএমই শোকেস: প্রিমিয়াম প্রোডাক্টস ফর সৌদি মার্কেট ২০২৬' শীর্ষক বিশেষ সেমিনার ও পণ্য প্রদর্শনী।

স্থানীয় একটি অভিজাত পাঁচতারকা হোটেলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎​জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো: নাজিম হাসান সাত্তার। তিনি বাংলাদেশের এসএমই খাতের সম্ভাবনা, মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি বৃদ্ধির কৌশল তুলে ধরেন।

‎সেমিনার উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশের বিশ্বমানের পাটজাত পণ্য, হস্তশিল্প, চামড়াজাত সামগ্রী, সিরামিক ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের বিভিন্ন প্রিমিয়াম পণ্য প্রদর্শন করা হয়, যা উপস্থিত সৌদি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বিশেষভাবে আকৃষ্ট করে।

‎​অনুষ্ঠানে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন দুই দেশের ঐতিহাসিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

‎সেমিনারে জেদ্দা চেম্বার অব কমার্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য সৌদি বাজারের সুযোগ সম্প্রসারণে চেম্বারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

‎​অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি, এফবিসিসিআই এবং সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্সের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।

এ ছাড়া জেদ্দা চেম্বার অব কমার্স, সৌদি ফেডারেশন অব চেম্বারস ও সৌদি-বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমানসহ স্থানীয় শীর্ষ সারির ব্যবসায়ীরা সরাসরি অংশ নেন।

‎সৌদি আরবের বাজারে বাংলাদেশি প্রিমিয়াম পণ্যের পরিচিতি বৃদ্ধি এবং স্থানীয় ক্রেতাদের আস্থা অর্জনে এই আয়োজন একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।