কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার বিভিন্ন ভবন থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ অবস্থায় উচ্ছেদ হওয়া প্রবাসী বাংলাদেশিদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সরেজমিনে পরিদর্শনে গেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
শনিবার (১৮ জুলাই) তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। সেবা ও যোগাযোগের মাধ্যমগুলো নিচে দেওয়া হলো—
কূটনৈতিক উইং: ড্রাইভিং লাইসেন্স সত্যায়ন, নাম সংশোধন, আমমোক্তারনামা, একাডেমিক সার্টিফিকেট সত্যায়ন, ফটো সত্যায়ন, রিলেশন সনদ, বিভিন্ন প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং জন্ম নিবন্ধন সংক্রান্ত সেবার জন্য সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করতে হবে।
শ্রম কল্যাণ উইং: শ্রমিকসংক্রান্ত সমস্যাদি যেমন—আকামা, বেতন, মৃতদেহ দেশে প্রেরণ, ক্ষতিপূরণ, সার্ভিস বেনিফিট ও অ্যাটর্নি সংক্রান্ত তথ্যের জন্য নির্দিষ্ট কর্মকর্তাদের সাথে মোবাইল বা ইমেইলে যোগাযোগ করা যাবে।
পাসপোর্ট ও ভিসা উইং: পাসপোর্ট, ট্রাভেল পারমিট ও বিদেশি নাগরিকদের ভিসা ইস্যুসংক্রান্ত তথ্যের জন্য নির্দিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা যাবে।
জরুরি সেবা: মৃত্যু, দুর্ঘটনা এবং যেকোনো অতীব জরুরি বিষয়ে দূতাবাসের হটলাইন নম্বর +৯৬৫ ৬৯৯২০০১৩ নম্বরে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা যোগাযোগ করা যাবে।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, বৈধ কাগজপত্র থাকা প্রবাসীদের যাচাই শেষে আশ্রয়কেন্দ্র ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে অবৈধ অবস্থানকারীদের ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ ছাড়া সাময়িক আশ্রয়ে থাকা ব্যক্তিরা প্রয়োজনীয় প্রমাণ দেখিয়ে সেখানে থাকতে পারলেও কর্মস্থলে যাওয়া বা অন্য কোনো কারণে বাইরে বের হতে পারবেন না।
পরিস্থিতি বিবেচনায় কুয়েত প্রবাসী বাংলাদেশিদের আবাসনসংক্রান্ত বৈধ কাগজপত্র হালনাগাদ রাখার এবং চলাচলের সময় সিভিল আইডি বা বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে দূতাবাস।
.png)






