কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে ঐতিহাসিক ৭ নভেম্বরে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননের পর কৃষি বিপ্লবের মধ্যদিয়ে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিলো।
এসময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণি পাঠ করেন, হাইকমিশনের কর্মকর্তারা। পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রেস সচিব তরিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় মালয়েশিয়া বিএনপি'র সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ বক্তব্য রাখেন।
পরে, দেশ ও জাতির কল্যান ও জিয়াউর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শেষাংশে গান পরিবেশন করেন, জাসাস মালয়েশিয়ার যুগ্ন-আহ্বায়ক ফয়সাল আহমেদ।