মালয়েশিয়ায় লরি উল্টে ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার পাহাং রাজ্যের রোমপিনে লরি উল্টে প্রাণ হরিয়েছেন দুই বাংলাদেশি শ্রমিক। এ ঘটনায় আরও এক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস লিখেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দুপুর ২টা ২৫ মিনিটে রোমপিনের কামপুং পেরউইরা জয়ার কাছে জালান ফেলদা সেলানচার-ফেলদা রেডং সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ৩৪ বছর বয়সী মোহাম্মদ কাদের ও ৩০ বছর বয়সী মোহাম্মদ দালিম। তারা দুজনই তেলপাম বাগানের শ্রমিক ছিলেন।
দুর্ঘটনায় মোহাম্মদ আসকার (৪১) নামে আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। তাকে সেগামাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে লরিচালক কিরণ (৪৫) অক্ষত রয়েছেন।
রোমপিন জেলার পুলিশ সুপার শরিফ শাই শরিফ মন্ডই জানান, চার বাংলাদেশি শ্রমিক একটি লরিতে করে ফেলদা রেডং থেকে ফেলদা সেলানচারের দিকে কীটনাশক নিয়ে যাচ্ছিলেন। লরির সামনের আসনে চালকসহ দুজন এবং পেছনে আরও দুজন শ্রমিক বসেছিলেন।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, লরিচালক একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে লরিটি সড়কের বাম পাশে গিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় সামনের আসনে থাকা কাদের এবং পেছনের যাত্রী দালিম ঘটনাস্থলেই মারা যান। লরির পেছনে থাকা ৪১ বছর বয়সী আরেক শ্রমিক গুরুতর আহত হন। তবে চালক কোনো আঘাত পাননি।
পুলিশ বলছে, লরি চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। লরিটির রোড ট্যাক্সের মেয়াদও পার হয়ে গিয়েছিল। তবে বাংলাদেশি শ্রমিকদের কাজের বৈধ নথিপত্র ছিল।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাহাং প্রদেশের মুয়াদজাম শাহ হাসপাতালে পাঠানো হয়েছে।