আমিরাতে বর্ষসেরা কর্মকর্তা নির্বাচিত বাংলাদেশের ইউনুস

এশিয়া পোস্ট নিউজ, দুবাই
আমিরাতে বর্ষসেরা কর্মকর্তা নির্বাচিত বাংলাদেশের ইউনুস
স্কুল কর্তৃপক্ষ থেকে সম্মননা স্মারক নিচ্ছেন ইউনুস। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কালবা ইংলিশ স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের বর্ষসেরা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন বাংলাদেশি প্রবাসী মুহাম্মদ ইউনুস। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা।

সততা, কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ এবং আন্তরিকতার অনন্য স্বীকৃতিস্বরূপ সম্প্রতি স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে এই সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

জানা গেছে, ২০১১ সালে মুহাম্মদ ইউনুস শারজাহর কালবা ইংলিশ স্কুলে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বর্তমানে ব্রিটিশ ও আমেরিকান কারিকুলামে পরিচালিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে প্রায় ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী আছেন এবং পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।

বিশাল এই কর্মীবাহিনীর মধ্য থেকে তার অনন্য কর্মদক্ষতা ও সততার মূল্যায়ন করে তাকে এই সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়।

মুহাম্মদ ইউনুস দীর্ঘ ১৩ বছর ধরে আরব আমিরাতের শারজাহ শহরে অত্যন্ত সুনামের সঙ্গে বসবাস ও চাকরি করছেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ২ নং দাঁতভাঙ্গা ইউনিয়নের তারাকোঁ গ্রামের মুহাম্মদ আবুল কাশেমের সুযোগ্য সন্তান।

ইউনুস জানান, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার সততা। সততা, কঠোর শ্রম এবং কাজের প্রতি গভীর আন্তরিকতার কারণে আজ আমি এই পুরস্কার লাভ করেছি। এই সম্মান শুধু আমার একার নয়, এই গৌরব সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশির।

প্রবাসের মাটিতে একজন বাংলাদেশির এমন অনন্য গৌরব অর্জন মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। তার এই সাফল্যে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই-এর নেতৃবৃন্দ এবং তার গ্রামের বাড়িতে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দনে জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।