আরব আমিরাতে এইচএসসির ফলাফলে বাংলাদেশি দুই প্রতিষ্ঠানের সাফল্য

সংযুক্ত আরব আমিরাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন দুটি বৈদেশিক শিক্ষাপ্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের মধ্য দিয়ে চমক সৃষ্টি করেছে। প্রতিষ্ঠান দুটি হলো, আবুধাবির শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তর আমিরাতের রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ।
আবুধাবির শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেন ১৫ জন শিক্ষার্থী। তাদের সবাই কৃতকার্য হয়েছেন, পাসের হার শতভাগ। ফল বিশ্লেষণে দেখা যায়, এ গ্রেড পেয়েছেন ১১ জন, এ মাইনাস ৩ জন এবং বি গ্রেড পেয়েছেন ১ জন।

অন্যদিকে রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ১৮ জন শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ১৬ জন, পাসের হার ৮৮ দশমিক ৮৯ শতাংশ। কৃতকার্যদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন। অকৃতকার্য হয়েছেন ২ জন শিক্ষার্থী।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শিক্ষাঙ্গনের মুখ উজ্জ্বল করেছেন।