প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন

ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য মেলা টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস – শরৎ ২০২৬ শুরু হয়েছে। সোমবার প্যারিস-লে বুর্জে প্রদর্শনী কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। একই দিন বিকেলে মেলার হল ৩-এর বি ৩৩০ নম্বর বুথে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি খন্দকার এম. তালহা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্যাভিলিয়ন পরিচালক মোহাম্মদ রেহান উদ্দিনসহ দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), কাউন্সিলর মাহফুজা সুলতানা, দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম, প্রথম সচিব শেখ মারেফত তারেকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ অন্যান্য কর্মকর্তারা।

টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস – শরৎ ২০২৬ মেলা ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আয়োজক প্রতিষ্ঠান `মেসে ফ্রাঙ্কফুর্ট’ এর তথ্য অনুযায়ী, এবারের ৫৯তম সংস্করণে প্রায় ৩৫টি দেশ থেকে প্রায় ১,৩০০ নির্মাতা ও সরবরাহকারী অংশ নিচ্ছে। প্যারিসের পার্ক দেজ এক্সপোজিসিয়োঁ দ্য প্যারিস-ল্য বুরজে-এর ২, ৩ ও ৪ নম্বর হলে এ আয়োজন চলছে।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের জন্য এবারের প্যারিস মেলা বিশেষ তাৎপর্য বহন করছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগে বাংলাদেশের ১২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এর পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে দেশের আরও পাঁচটি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে বলে জানিয়েছেন প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল মিনিস্টার মিজানুর রহমান।
মেলার প্রদর্শক তালিকায় বাংলাদেশের প্রতিষ্ঠানও রয়েছে। এর মধ্যে বেঙ্গল গ্লোরি লিমিটেডকে অ্যাপারেল সোর্সিং প্যারিসের ২০২৬ সংস্করণের প্রদর্শক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ইউরোপীয় ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি এবং পোশাকের পাশাপাশি উচ্চমূল্যের ও বৈচিত্র্যময় পণ্যের সক্ষমতা তুলে ধরার সুযোগ পাচ্ছে।
এবারের মেলাটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন বৈশ্বিক পোশাক ও টেক্সটাইল শিল্প দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় বৈচিত্র্য আনা, নতুন উৎপাদন উৎস খুঁজে বের করা, দ্রুত পণ্য সরবরাহ, পরিবেশবান্ধব উৎপাদন এবং কাঁচামালের উৎস সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করা এখন ক্রেতা ও ব্র্যান্ডগুলোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিবর্তিত বাস্তবতার প্রতিফলন দেখা যাচ্ছে এবারের মেলার আয়োজনেও। বৈশ্বিক সোর্সিং ব্যবস্থায় নতুন ভারসাম্য এবং সরবরাহকারী দেশগুলোর বৈচিত্র্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ফ্রান্স বাংলাদেশের জন্য ইউরোপের একটি গুরুত্বপূর্ণ বাজার। বিশেষ করে প্যারিস বিশ্ব ফ্যাশনশিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হওয়ায় সেখানে অনুষ্ঠিত আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণের আলাদা গুরুত্ব রয়েছে। টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিসে সরাসরি আন্তর্জাতিক ক্রেতা, ব্র্যান্ড প্রতিনিধি, আমদানিকারক ও ফ্যাশন ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের উদ্যোক্তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ দেশের পোশাকশিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে ব্যবসায়িক আগ্রহকে তুলে ধরবে। একই সঙ্গে নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার তৈরি এবং ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হতে পারে।


