logo

মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের নবনির্বাচিত সভাপতি ড. আহসান হাবিব

সুলায়মান আল মাহমুদ
সুলায়মান আল মাহমুদ, মিশিগান, যুক্তরাষ্ট্র
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের নবনির্বাচিত সভাপতি ড. আহসান হাবিব
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আহসান হাবিবকে সভাপতি করে পাঁচ সদস্যের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।

নবগঠিত কার্যকরী পরিষদে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইকবাল ফয়েজ সপন, সাধারণ সম্পাদক সারিয়া সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিন এবং কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ।

অধ্যাপক ড. আহসান হাবিব বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পরিচিত অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ। তিনি মিশিগানের অ্যাড্রিয়ান কলেজ-এর সাবেক প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘদিনের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে বলে সভায় উপস্থিত সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সদস্যরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার পাশাপাশি মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নতুন কমিটিতে অধ্যাপক ড. আহসান হাবিবের মতো একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ ও শিক্ষাবিদকে সভাপতি এবং সারিয়া সাদিককে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় উপস্থিত সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা নবগঠিত কার্যকরী পরিষদের সকল সদস্যকে অভিনন্দন জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের পূর্ববর্তী মেয়াদে আজিজ চৌধুরী প্রধান কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন। সৈয়দ রেজা ও ইকবাল ফয়েজও ওই মেয়াদে কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁদের অভিজ্ঞতা ও সাংগঠনিক অবদান সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সভায় উল্লেখ করা হয়।

নতুন কার্যকরী পরিষদ গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় মোট ১৭ জন সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন ড. হাফিজউদ্দিন, ড. মারুফা রহমান, অধ্যাপক ড. আহসান হাবিব, অধ্যাপক নাজমুল ইসলাম, আজিজ চৌধুরী, সৈয়দ রেজা, এমডি. জুবাইরুল চৌধুরী খোকন, অধ্যাপক মোহাম্মদ তমিজুর রহমান, ড. সৈয়দ আশরাফ, ড. এমডি মুশাররফ হোসেন, ড. শাহ আলম ভূইঞা, প্রফেসর ড. মেসের আলী, ইকবাল ফয়েজ সপন (হিস্টোলজিস্ট), মোহাম্মদ মতিন (ফার্মাসিস্ট), ড. মোহাম্মদ মুক্তাদির তালুকদার, সারিয়া সাদিক (বায়োকেমিস্ট) ও ফয়সাল আহমেদ।

সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন কার্যকরী পরিষদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।