logo
Advertisement

মিশিগানে হতে যাচ্ছে বাংলাদেশি প্রকৌশলীদের সম্মেলন

সুলায়মান আল মাহমুদ
সুলায়মান আল মাহমুদ,মিশিগান
মিশিগানে হতে যাচ্ছে বাংলাদেশি প্রকৌশলীদের সম্মেলন
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে বাংলাদেশি প্রকৌশলীদের মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (আবিয়া)-এর ২১তম দ্বিবার্ষিক সম্মেলন। আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ডেট্রয়েট ডাউনটাউনের রেনেসাঁস ম্যারিয়টে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘স্মার্ট, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য প্রকৌশল ও স্থাপত্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্ধপরিবাহী প্রযুক্তি, স্মার্ট উৎপাদন, গবেষণা ও উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং বাংলাদেশের প্রযুক্তিগত সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। এতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ৪৫-এর বেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী, স্থপতি, গবেষক ও প্রযুক্তিবিদ অংশ নেবেন।

সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠান, দ্বিতীয় দিন পেশাগত যোগাযোগ, স্টেম ফেয়ার ও কারিগরি সেমিনার এবং শেষ দিন টেবিল টেনিস প্রতিযোগিতা, পেশাগত মতবিনিময় ও ডেট্রয়েট প্রিন্সেস রিভারবোটে রিভার ক্রুজের আয়োজন থাকছে।

সম্মেলন উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় স্টার্লিং হাইটস শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আবিয়ার নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি মনির জামানসহ নেতারা জানান, উত্তর আমেরিকার বাংলাদেশি প্রকৌশলী-স্থপতিদের পেশাগত উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের প্রকৌশল শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি খাতের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে আবিয়া কাজ করছে।

আয়োজকদের আশা, এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের মধ্যে আন্তর্জাতিক নেটওয়ার্ক ও জ্ঞান বিনিময় আরও জোরদার হবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পেশাগত সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।