আরব আমিরাতে সাত স্থানে দুর্গাপূজা, আজমানে পুণ্যার্থীদের ঢল

দেশ থেকে হাজার মাইল দূরে, প্রবাসের ব্যস্ত জীবনে দুর্গোৎসব এলেই বদলে যায় চেনা পরিবেশ। পূজামণ্ডপে ঢাকের শব্দ, দেবী দর্শনের অপেক্ষা আর পরিবার-পরিজন নিয়ে উৎসবে মেতে ওঠা—সব মিলিয়ে প্রবাসের মাটিতেই যেন খুঁজে পাওয়া যায় এক টুকরা স্বদেশ।
এ বছর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ও ভারতীয় সনাতনীদের উদ্যোগে সাতটি পৃথক স্থানে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে সবচেয়ে বড় ও জমকালো আয়োজন হয়েছে আজমানের উইনার্স স্পোর্টস ক্লাবে। প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের আয়োজনে প্রতিদিনই এখানে সমাগম হচ্ছে ১০ থেকে ১৫ হাজার দর্শনার্থীর। পূজার আনুষ্ঠানিকতা, দেবী দর্শন, সাংস্কৃতিক আয়োজন ও জমজমাট দুর্গা মেলায় উৎসবমুখর পুরো প্রাঙ্গণ।
প্রবাসের মাটিতে এমন আয়োজন শুধু ধর্মীয় উৎসব নয়, বরং শেকড়ের টান, ঐতিহ্য আর সম্প্রীতির এক মিলনমেলা। পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির পাশাপাশি নতুন প্রজন্মও পরিচিত হচ্ছে নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে।
মহালয়ায় দেবীপক্ষের সূচনা থেকে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসব এখন শেষ পর্বে। নবমীর মধ্য দিয়ে অকাল বোধনের সুরে বেজে উঠবে বিদায়ের আবহ। এরপর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। শেষ হবে এবারের আয়োজন, তবে প্রবাসীদের মনে রয়ে যাবে উৎসবের আনন্দ, সম্প্রীতির বন্ধন আর আগামী বছরের অপেক্ষা।