বাংলাদেশ সোসাইটি ইনকের ভোটার নিবন্ধন শেষ, নিবন্ধিত ভোটার ৩৩ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি ইনক’–এর ২০২৬ সালের নির্বাচন উপলক্ষে ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। আগামী ১৮ অক্টোবর সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ৩০ জুন ছিল ভোটার নিবন্ধনের শেষ দিন। নির্ধারিত সময় সন্ধ্যা ছয়টার মধ্যে দুই প্যানেলের সদস্যরা তাদের নিবন্ধন ফরম জমা দেন।
নির্বাচনে অংশ নেওয়া দুটি প্যানেলের তথ্য অনুযায়ী, এবার মোট ৩৩ হাজার ৫৬৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে কুনু–ফিরোজ পরিষদে নিবন্ধিত ভোটার ১৭ হাজার ৩৭০ জন এবং সেলিম–আলী পরিষদে ১৬ হাজার ১৯৪ জন
প্রতিটি সাধারণ ভোটারের নিবন্ধন ফি ছিল ২০ মার্কিন ডলার। সে হিসাবে নিবন্ধন বাবদ মোট ফি আদায় হয়েছে ৬ লাখ ৭১ হাজার ২৮০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি টাকার বেশি।
‘বাংলাদেশ সোসাইটি ইনক’ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ও প্রাচীন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। নিউইয়র্কভিত্তিক অলাভজনক এই সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে।
সংগঠনটি বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে। পাশাপাশি পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদসহ বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসব উদ্যাপনের আয়োজন করে।
এ ছাড়া প্রবাসে কোনো বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে পাঠানো বা স্থানীয়ভাবে দাফনের ক্ষেত্রে সহযোগিতা, আর্থিক ও প্রশাসনিক সহায়তা এবং দুর্যোগ বা সংকটে কমিউনিটির পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডও পরিচালনা করে থাকে সংগঠনটি।
প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অধিকার আদায়, মূলধারার রাজনীতিতে প্রতিনিধিত্ব এবং কমিউনিটির বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সোসাইটি ইনক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে গত দুই বছরে সংগঠনটির কার্যক্রম প্রত্যাশিত মাত্রায় ছিল না বলে প্রবাসী বাংলাদেশিদের একটি অংশের অভিযোগ।
আগামী ১৮ অক্টোবরের নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদ এবং সেলিম-আলী পরিষদ মুখোমুখি হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।




