ইতালির কলেজ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে বাংলাদেশি তরুণীর রেকর্ড

এশিয়া পোস্ট নিউজ, ইতালি
ইতালির কলেজ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে বাংলাদেশি তরুণীর রেকর্ড
শাকিরা শাওন রহমান। ছবি: সংগৃহীত

ইতালির ভেনিসে উচ্চমাধ্যমিক বা মাতুরিতা পরীক্ষায় পুরো কলেজের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে রেকর্ড গড়েছেন বাংলাদেশি তরুণী শাকিরা শাওন রহমান। ভেনিসের বিখ্যাত ‘আন্তোনিও পাচিনোত্তি’ কলেজ থেকে ১০০ তে ১০০ পেয়ে এই অনন্য কৃতিত্ব অর্জন করেন তিনি। তার এই অভাবনীয় সাফল্য ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে।

মেধা আর অধ্যবসায় থাকলে যেকোনো প্রতিকূল পরিবেশেও যে সফল হওয়া যায়, তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশি শিক্ষার্থী শাকিরা। ২০২০ সালে বাংলাদেশ থেকে ও লেভেল এসএসসি পরীক্ষা পাসের পর, ২০২১ সালে সপরিবারে পাড়ি জমান ইতালিতে। নতুন দেশ, নতুন ভাষা—সব কিছু জয় করে প্রথমে সম্পন্ন করেন ইতালিয়ান ভাষার কোর্স বি১ লেভেল এবং একই সঙ্গে সম্পন্ন করেন অ্যা-লেভেল। এরপর ভর্তি হন ভেনিসের ঐতিহ্যবাহী আন্তোনিও পাচিনোত্তি কলেজে।

ইতালির কঠিনতম উচ্চমাধ্যমিক সমমান বা মাতুরিতা পরীক্ষায় অংশ নিয়ে শাকিরা যা করে দেখিয়েছেন, তা এককথায় অবিশ্বাস্য। পুরো কলেজের সব শিক্ষার্থীকে পেছনে ফেলে ১০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর তুলে নিয়েছেন নিজের ঝুলিতে। গড়েছেন পুরো কলেজের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়ার এক নতুন রেকর্ড।

শাকিরা বলেন, নতুন একটা দেশে এসে ভাষা আর সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়াটা সহজ ছিল না। কিন্তু আমার লক্ষ্য স্থির ছিল। আমি ভবিষ্যতে ফার্মাসিস্ট হতে চাই।

শাকিরা শুধু নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত নন, ইতালিতে বেড়ে ওঠা পরবর্তী প্রজন্মের মাঝেও ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার আলো। বর্তমানে তিনি ভেনিসের ‘আমাদের পাঠশালা’ স্কুলে পাঠদান করছেন।

সুদূর প্রবাসে লাল-সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া শাকিরার এই পথচলা অনুপ্রেরণা জোগাবে হাজারো প্রবাসী শিক্ষার্থীকে। লক্ষ্য যাদের আকাশ ছোঁয়া, সীমানা যে তাদের বেঁধে রাখতে পারে না—শাকিরা যেন তারই জীবন্ত প্রমাণ।