মিশিগানে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল

এশিয়া পোস্ট নিউজ, যুক্তরাষ্ট্র
মিশিগানে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল
যুক্তরাষ্ট্রের মিশিগান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে প্রথমবারের মতো উন্মুক্ত স্থানে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ১৭, ১৮ ও ১৯ জুলাই বাংলাদেশ এভিনিউ সংলগ্ন বায়তুল মোকাররম মসজিদ মাঠে প্রতিদিন আসর থেকে এশা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ওয়াজ মাহফিল।

মাহফিলে বিভিন্ন দেশ থেকে আগত প্রখ্যাত আলেমদের বয়ান, পবিত্র কুরআন তিলাওয়াত, ইসলামি সঙ্গীত, ক্বিরাত প্রতিযোগিতা এবং বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকদের দাবি, মিশিগানে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এত বড় পরিসরে উন্মুক্ত স্থানে এ ধরনের ওয়াজ মাহফিল এবারই প্রথম।

এদিকে মাহফিল সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রস্তুতি সভা। এতে সভাপতিত্ব করেন উলামা কাউন্সিল অব মিশিগানের সেক্রেটারি মাওলানা শায়খ আব্দুস সালাম।

মিশিগান ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক মাওলানা রিজওয়ানুল করিমের উপস্থাপনায় কুরআন তিলাওয়াত করেন হাফেজ জাবেদ আহমদ। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মুহাম্মদী মসজিদের ইমাম মাওলানা শাহজাহান, বায়তুল মোকাররম মসজিদের ইমাম হাফেজ মাওলানা আহমদ কাশেম, আল ফাতহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল বাসিত চৌধুরী, সিডিআর মসজিদের ইমাম মাওলানা নেছার উদ্দিন, বায়তুলমাল মামু’র মসজিদের ইমাম হাফেজ আব্দুল মুকিত। মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য জয়নাল আবেদিন, কাওসার আহমদ, বকুল মিয়া চৌধুরী।

এছাড়াও সভায় মিশিগানের বিভিন্ন মসজিদের ইমাম, আলেম ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের ভাষ্য, এটি শুধু একটি ওয়াজ মাহফিল নয়; বরং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ করা, নতুন প্রজন্মের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এবং পারিবারিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার একটি সম্মিলিত উদ্যোগ।

আয়োজকদের প্রত্যাশা, মিশিগানের বিভিন্ন শহরের পাশাপাশি পার্শ্ববর্তী অঙ্গরাজ্য থেকেও বিপুলসংখ্যক মুসল্লি এই তিন দিনের মাহফিলে অংশ নেবেন। ধর্মীয় শিক্ষা, পারিবারিক মূল্যবোধ এবং কমিউনিটির ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশাবাদ তাদের।

প্রথমবারের মতো মিশিগানে উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী এই ওয়াজ মাহফিল। আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় এই আয়োজন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ঐক্য, সম্প্রীতি ও মূল্যবোধ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।