প্যারিস দূতাবাসে প্রবাসীদের উপচে পড়া ভিড়, অনিয়মের অভিযোগ

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্টের বিশেষ সেবা নিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে সৃষ্টি হয়েছে তীব্র ভিড়। আগস্ট মাসের নির্ধারিত বুধবারে (১২ আগস্ট) অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বিশেষ সেবা নিতে দূতাবাসে হাজির হন শত শত প্রবাসী।
সকাল থেকেই দূতাবাসের সামনে ও সেবা গ্রহণের নির্ধারিত স্থানে প্রবাসীদের দীর্ঘ সারি দেখা যায়। একপর্যায়ে অতিরিক্ত মানুষের উপস্থিতিতে পরিস্থিতি বেশ বিশৃঙ্খল হয়ে পড়ে। ভিড় সামলাতে গিয়ে সেবা নিতে আসা অনেকেই নানা ধরনের ভোগান্তির শিকার হন বলে অভিযোগ করেছেন।
সেবা নিতে আসা কয়েকজন প্রবাসী দূতাবাসের কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগ করেন। তাদের দাবি, বিশেষ সেবা কার্যক্রমে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পেতে সমস্যায় পড়েছেন বলেও অভিযোগ করেন।
প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার
এদিকে অতিরিক্ত ভিড়ের কারণে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এতে কয়েকজন প্রবাসী সামান্য আহত হয়েছেন বলে উপস্থিত ব্যক্তিরা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদেরও ব্যস্ত সময় পার করতে দেখা যায়।
প্রবাসীদের অনেকেই অভিযোগ করেন, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বিশেষ সেবা দেওয়ার উদ্যোগে বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে উপস্থিত হওয়ায় আগেভাগে পর্যাপ্ত ব্যবস্থাপনা ও শৃঙ্খলা নিশ্চিত করা প্রয়োজন ছিল। ভবিষ্যতে এ ধরনের সেবা কার্যক্রমে অনলাইন নিবন্ধন, নির্দিষ্ট সময়ভিত্তিক স্লট ও পর্যাপ্ত জনবল নিশ্চিত করার দাবি জানান তারা।
প্রবাসীদের মতে, ই-পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ সেবা সহজ ও সুশৃঙ্খলভাবে পাওয়ার জন্য দূতাবাসের পক্ষ থেকে আগাম নির্দেশনা এবং কার্যকর ব্যবস্থাপনা আরও জোরদার করা জরুরি। এতে একদিকে যেমন প্রবাসীদের ভোগান্তি কমবে, অন্যদিকে সেবা কার্যক্রমেও শৃঙ্খলা বজায় থাকবে।
.png)


