মিশিগানে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল সম্পন্ন

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি মুসলিম কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রোববার (১৯ জুলাই) মধ্যরাতে সম্পন্ন হয়েছে। বিশ্ববাসীর শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য এবং মানবকল্যাণ কামনায় আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয় এই ধর্মীয় আয়োজন।
ডেট্রয়েটের বায়তুল মোকাররম মসজিদ মাঠে প্রতিদিন আছর থেকে এশা পর্যন্ত খোলা আকাশের নিচে অনুষ্ঠিত এ মাহফিলে ডেট্রয়েট, হ্যামট্রামিক, ওয়ারেনসহ বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। বাংলাদেশের আদলে মিশিগানে প্রথমবারের মতো এ ধরনের আয়োজন হওয়ায় কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া পড়ে। আয়োজকদের ভাষ্য, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়।
দারুল উলূম ডেট্রয়েটের শিক্ষাসচিব হাফেজ মাওলানা জাবেদ আহমদ, মিশিগান ইসলামিক ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মুফতি রিযওয়ানুল করীম এবং বায়তুল মোকাররম মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আহমদ কাশেমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন মুহাম্মাদী মসজিদের খতিব হাফেজ মাওলানা শাহজাহান, আঞ্জুমানে আল-ইসলাহ ইউএসএর সভাপতি মাওলানা মুঈন উদ্দীন, হয়রত শাহজালাল দরগা মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আসাদ উদ্দিন, বায়তুল মোকাররম মসজিদের সাবেক ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম, সিলেট রেঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান এবং উলামা কাউন্সিল অব মিশিগানের সেক্রেটারি শায়খুল হাদিস হযরত মাওলানা আব্দুস সালাম।
মাহফিলে স্বাগত বক্তব্য দেন মাওলানা আসাদ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে কানাডার দারুল উলূম চাটামের প্রিন্সিপাল হযরত মাওলানা ইব্রাহিম মেমন গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়া কুরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মাওলানা আবু সিদ্দিক, মুফতি ইউসুফ চৌধুরী, মাওলানা তাজ উদ্দিন, হাফেজ আবদুল মুকিত, মাওলানা কুতবুজ্জামান, মুফতি রিয়াজুল হুদা, মাওলানা মোহাম্মদ সালমান, হাফেজ ফখরুল ইসলাম, মাওলানা নেছার উদ্দিন আহমদ, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা আদনান আহমদ, মুফতি জিয়াউর রহমান।
এ সময় কিরাআত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিজয়ী দশজন শিক্ষার্থীর হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। পরে বিশ্ববাসীর শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য এবং দেশ-বিদেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ আখেরি মুনাজাতের মাধ্যমে এই ওয়াজ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
.png)






