logo
Advertisement

যুক্তরাষ্ট্রের মিশিগানে ১৫ ও ১৬ আগস্ট ‘ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল’

সুলায়মান আল মাহমুদ, মিশিগান (যুক্তরাষ্ট্র)
যুক্তরাষ্ট্রের মিশিগানে ১৫ ও ১৬ আগস্ট ‘ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল’
‘ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন বক্তারা। ছবি: ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের মিশিগানের হামট্র্যাকে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল’। আগামী ১৫ ও ১৬ আগস্ট ইসলামী সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবকে সামনে রেখে স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে বিস্তারিত তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন সম্পন্ন করেছে আয়োজক কমিটি।

Advertisement

এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক কমিটির সেক্রেটারি শায়খ মুহাম্মদ ফখরুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কবির আহমদ। আয়োজকরা জানান, প্রবাসে নতুন প্রজন্মের কাছে কোরআন-সুন্নাহর শিক্ষা, ইসলামিক সংস্কৃতি ও নৈতিকতা পৌঁছে দেওয়াই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। দুই দিনব্যাপী এই আয়োজন প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকছে দেশ-বিদেশের খ্যাতনামা ক্বারি, ইসলামী চিন্তাবিদ ও নাশিদ শিল্পীদের উপস্থিতি। অতিথি হিসেবে অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি আহমাদ বিন ইউসুফ আল-আজহারী, মিশরের ক্বারি ও নাশিদ শিল্পী মোহাম্মদ আব্বাস, বিশিষ্ট ইসলামী স্কলার শায়খ আমিন মুহাম্মদ এবং শায়খ আবদুল করিম ইয়াহইয়াসহ বহু পরিচিত মুখ।

উৎসবের সার্বিক সূচিতে কোরআন তিলাওয়াত, নাশিদ পরিবেশনা, ইসলামিক প্রদর্শনী, বইমেলা ও কেনাকাটার বাজারের পাশাপাশি থাকছে ফ্রি মেডিকেল ক্যাম্প, চাকরি মেলা এবং শিশু-কিশোর ও পরিবারের জন্য বিশেষ বিনোদন ব্যবস্থা।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৬ আগস্ট দুপুরে আয়োজন করা হয়েছে এক বিশেষ গ্র্যান্ড র‍্যালি। এদিন দুপুর ১টায় মধ্যাহ্নভোজ ও ২টায় জোহরের জামাত শেষে আড়াইটা থেকে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রাটি শুরু হবে। মিশিগান ও পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলোর মুসলিম কমিউনিটিকে পরিবার-পরিজনসহ এই সাংস্কৃতিক উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।