প্রবাসীদের জন্য পৃথক আবাসনের উদ্যোগ নেয়া হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, সরকার প্রবাসীদের জন্য পৃথক আবাসন ও বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ করেছে। সিলেট থেকে এ কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর, ২০২৬) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়া বিএনপি’র উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
এসময় মালয়েশিয়ার বিনিয়োগকারী এবং প্রবাসীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, মালয়েশিয়াভিত্তিক শক্তিশালী বাংলাদেশী ব্যবসায়ী সমাজ ও তরুণ উদ্যোক্তাদের এই নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডে শরিক হয়ে বাংলাদেশে তাদের বিনিয়োগ সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
মালয়েশিয়ায় প্রায় ১৫ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন উল্লেখ করে ইসমাইল জবিউল্লাহ বলেন, তাঁদের মধ্যে যেমন অদক্ষ শ্রমিক রয়েছেন, তেমনি রয়েছেন শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ, চিকিৎসক, উদ্যোক্তা, ব্যবসায়ী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রকৌশলী। তাঁদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বিশেষকরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ প্রবাসীদের বাংলাদেশে ফেরত এসে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
মো: ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাসহ তাঁদের কল্যাণে নানা জনহিতকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় ও প্রাতিষ্ঠানিক করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছেন। ২০২৬ সালের জুলাই মাসে এ কার্ডের পাইলট কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।
এ ছাড়া বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি কমিয়ে তাঁদের জন্য আরও সহজ, নিরাপদ ও সম্মানজনক সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, প্রবাসী কার্ডধারীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বোর্ডিং এবং বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা প্রদানের বিষয়েও সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষা, দেশের উন্নয়ন এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার জনাব মঞ্জুরুল করিম খান চৌধুরী, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিয়ার বাদলুর রহমান বাদল, সিনিয়র সহসভাপতি জনাব মাহবুব আলম শাহ, সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন, সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, শিক্ষাবিদ, ছাত্র প্রতিনিধি প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, মালয়েশিয়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।