logo

মিশিগানে আবিয়ার তিন দিনব্যাপী কনভেনশন শেষ হয়েছে

সুলায়মান আল মাহমুদ
সুলায়মান আল মাহমুদ, মিশিগান, যুক্তরাষ্ট্র
মিশিগানে আবিয়ার তিন দিনব্যাপী কনভেনশন শেষ হয়েছে
মিশিগানে আবিয়ার তিন দিনব্যাপী কনভেনশন শেষ হয়েছে। ছবি: এশিয়া পোস্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, আধুনিক যানপ্রযুক্তি ও স্মার্ট ম্যানুফ্যাকচারিং নিয়ে টেকনিক্যাল সেমিনার, ক্যারিয়ার উন্নয়ন, স্টেম ফেয়ার, পেশাগত নেটওয়ার্কিং, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে শেষ হয়েছে বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের তিন দিনের দ্বিবার্ষিক সম্মেলন আবিয়া দ্বিবার্ষিক কনভেনশন।

আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস আবিয়ার আয়োজনে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শুরু হওয়া এ সম্মেলনে উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি প্রকৌশলী, স্থপতি, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন।

সম্মেলনের প্রথম দিন শুক্রবার সন্ধ্যায় ডেট্রয়েটের অ্যান্ডিয়ামো উইন্টার গার্ডেনে ছিল নিবন্ধন, নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীতশিল্পী প্রিয়ংবদার পরিবেশনার পাশাপাশি মিশিগানের ব্যান্ড ‘রিদম অব বাংলাদেশ’ সংগীত পরিবেশন করে। এতে অংশ নেওয়া অতিথিদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

শনিবার সম্মেলনের দ্বিতীয় দিনজুড়ে ডেট্রয়েট ম্যারিয়ট কনফারেন্স সেন্টারে চলে পেশাগত নেটওয়ার্কিং, ক্যারিয়ার উন্নয়ন, স্টেম ফেয়ার ও টেকনিক্যাল সেমিনার। কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক যানপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর, স্মার্ট ম্যানুফ্যাকচারিংসহ প্রযুক্তি ও প্রকৌশলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।

বক্তারা তাঁদের কাজ, গবেষণা ও পেশাগত অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মের প্রকৌশলী ও শিক্ষার্থীদের জন্য অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ ও ক্যারিয়ার নিয়ে পরামর্শ নেওয়ার সুযোগ তৈরি হয়।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় সম্মেলনের আয়োজন চলে যায় ডেট্রয়েটের হান্টিংটন প্লেসে। সেখানে ছিল মূল বক্তব্য, সম্মাননা ও পুরস্কার প্রদান এবং নৈশভোজ। অনুষ্ঠানে মূল বক্তাদের মধ্যে ছিলেন ভার্জিনিয়া টেকের অধ্যাপক ও আইইইইর সাবেক প্রেসিডেন্ট সাইফুর রহমান এবং জেনারেল মোটরসের ভেহিকল অটোনমি বিভাগের ভাইস প্রেসিডেন্ট রাশেদ হক।

এছাড়া মিশিগান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মেগান ক্যাভানাগ, যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান ডেবি ডিঙ্গেল এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বক্তব্য দেন। বাংলাদেশের উন্নয়নে প্রবাসী প্রকৌশলী, গবেষক ও উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

রাতের সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করেন সামিনা চৌধুরী, দিলশাদ নাহার কণা ও ইমরান মাহমুদুল। নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা। প্রযুক্তি ও প্রকৌশলবিষয়ক ব্যস্ত দিনের সমাপ্তি ঘটে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে।

তিন দিনের সম্মেলনের শেষ দিন রোববার আয়োজন করা হয় ডেট্রয়েট নদীতে সানসেট ক্রুজের। ডেট্রয়েট প্রিন্সেস রিভারবোটে নৈশভোজ ও সংগীতের আয়োজনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

নদীর এক পাশে ডেট্রয়েট, অন্য পাশে কানাডার উইন্ডসর। সূর্যাস্তের সময় দুই শহরের দৃশ্য উপভোগের পাশাপাশি অতিথিরা আড্ডা, ছবি তোলা ও নৈশভোজে অংশ নেন। সংগীতশিল্পী প্রতীক হাসানের পরিবেশনায় শেষ দিনের আয়োজন হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

সম্মেলনের সমাপনী আয়োজনে আবিয়ার কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট মনির জামান ও সাধারণ সম্পাদক সাদেক রহমান অতিথি ও অংশগ্রহণকারী প্রকৌশলী-স্থপতিদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞ পেশাজীবীদের যোগাযোগ তৈরি করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আবিয়ার পরবর্তী দ্বিবার্ষিক সম্মেলন ২০২৮ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।