বাহরাইনে প্রবাসীদের জন্য নতুন কাজের সুযোগ

বাহরাইনে কর্মরত বিদেশি কর্মীদের সাময়িকভাবে অন্য প্রতিষ্ঠানের অধীনে কাজ করার সুযোগ দিয়ে কাজের অনুমতিসংক্রান্ত নিয়মে পরিবর্তন এনেছে দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রক সংস্থা, লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি (LMRA)।
২০২৬ সালের রেজল্যুশন নম্বর-২-এর মাধ্যমে ২০০৮ সালের রেজল্যুশন নম্বর-৭৬-এর কিছু বিধান সংশোধন করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট আইনগত শর্ত পূরণ সাপেক্ষে একজন বিদেশি কর্মী সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অন্য প্রতিষ্ঠানের অধীনে সাময়িকভাবে কাজ করতে পারবেন।
এক্ষেত্রে কর্মীর লিখিত সম্মতির পাশাপাশি বর্তমান নিয়োগকর্তা এবং যে প্রতিষ্ঠানে সাময়িকভাবে কাজ করবেন—উভয় পক্ষের সম্মতি প্রয়োজন হবে। একই সঙ্গে এল এম আর এ (LMRA) এর অনুমোদনও থাকতে হবে।
সাময়িকভাবে যে প্রতিষ্ঠানে কর্মী কাজ করবেন, সেই প্রতিষ্ঠানের বাহরাইনাইজেশন হারও নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত ফি দেওয়ার বিধানও রয়েছে।
এ ছাড়া একই মালিকের অধীন অন্য প্রতিষ্ঠান কিংবা একই গ্রুপের প্রতিষ্ঠানে কর্মীদের সাময়িকভাবে কাজ করার ক্ষেত্রেও নতুন সিদ্ধান্তে কিছু সুযোগ রাখা হয়েছে।
তবে নতুন নিয়মের অর্থ এই নয় যে কোনো কর্মী ইচ্ছামতো অন্য প্রতিষ্ঠানে গিয়ে কাজ করতে পারবেন। প্রয়োজনীয় অনুমোদন ও আইনগত শর্ত পূরণ না করে অন্য প্রতিষ্ঠানে কাজ করলে তা বৈধ হবে না এবং অর্থ জরিমানায় পড়তে পারেন।
তাই কাজ পরিবর্তন বা অন্য প্রতিষ্ঠানে সাময়িকভাবে কাজ করার আগে সংশ্লিষ্ট কর্মীদের নিজেদের ওয়ার্ক পারমিটের বৈধতা এবং এল এম আর এ (LMRA) এর প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
