logo

বনলতা সেন

সাহিত্য ডেস্ক
বনলতা সেন

লিরিক্সঃ

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,

Advertisement

সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়-সাগরে

অনেক ঘুরেছি আমি; বিম্বিসার-অশোকের ধূসর জগতে

সেখানে ছিলাম আমি; আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে;

আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,

আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন ।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,

মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের পর

হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,

তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, 'এতদিন কোথায় ছিলেন?'

পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মত

সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;

পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন

তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;

সব পাখি ঘরে আসে - সব নদী - ফুরায় এ জীবনের সব লেনদেন;

থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

কবির পরিচয়

জীবনানন্দ দাশ (জন্ম ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯, বরিশাল; মৃত্যু ২২ অক্টোবর ১৯৫৪, কলকাতা) বাংলা আধুনিক কবিতার অন্যতম প্রধান কবি। বাংলার নদী, মাঠ, পাখি ও ঋতুর অনুপম চিত্রের জন্য তাঁকে ‘রূপসী বাংলার কবি’ বলা হয়।