বাংলাদেশের কতটুকু ঘুরে দেখেছেন, ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

বাংলাদেশের একেকটি জেলা যেন প্রকৃতির একেকটি সুন্দর ক্যানভাস। কোথাও সুবিশাল পাহাড়, কোথাও দিগন্তজোড়া নদী, কোথাও-বা সমুদ্রের জলরাশি। কিন্তু প্রিয় এই দেশের ৬৪টি জেলার মধ্যে ঠিক কতটি জায়গা আপনি ঘুরে দেখেছেন, তা কি কখনো হিসেব করে দেখেছেন?
এই হিসেবটিকে অত্যন্ত সহজ করে তুলতে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ঘুরে বেড়াচ্ছে এক রঙিন ‘ভ্রমণ ম্যাপ’। ফেসবুক খুললেই দেখা যাচ্ছে, দেশের অসংখ্য ভ্রমণপিপাসু মানুষ নিজ নিজ ঘুরে আসা জেলার হিসেব মিলিয়ে এই ডিজিটাল ম্যাপ শেয়ার করছেন।
সহজেই যেভাবে বানাবেন আপনার ভ্রমণ ম্যাপ
‘আনসিন বাংলাদেশ’ (unseenbangladesh.com) নামের এই প্ল্যাটফর্মে যে কোনো ভ্রমণপ্রেমী মাত্র কয়েকটি ক্লিকেই নিজের ভ্রমণ ম্যাপ প্রস্তুত করতে পারবেন:
জেলা নির্বাচন
ওয়েবসাইটে ঢুকে আপনি যে জেলাগুলোতে গিয়েছেন সেগুলো বেছে নিন। আটটি বিভাগের ৬৪টি জেলার মধ্যে যেগুলো ভ্রমণ করা হয়েছে, তা তালিকায় বা সরাসরি মানচিত্রে ক্লিক করে চিহ্নিত করতে হবে। এতে মোট জেলার ভ্রমণের অনুপাত (যেমন: ১০/৬৪) দেখা যাবে। সব জেলা একবারে নির্বাচন করার জন্য ‘সব বাছাই করুন’, আবার শুরু থেকে নতুন করে হিসাব করতে ‘সব মুছুন’ অপশনও রয়েছে।
কাস্টমাইজেশন ও থিম
চাইলে ম্যাপটিকে নিজের মতো করে সাজাতেও পারবেন। একে আকর্ষণীয় করতে রয়েছে পাঁচটি বিভিন্ন রঙের থিম। ব্যবহারকারীরা নিজস্ব নাম এবং ছবি যুক্ত করে ম্যাপটি কাস্টমাইজ করতে পারেন। নাম যুক্ত না করলে এতে ডিফল্ট হিসেবে 'আমার বাংলাদেশ' লেখাটি প্রদর্শিত হয়।
ডাউনলোড ও শেয়ার
কাজ শেষ হলে ম্যাপের নিচে গিয়ে ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অংশে ক্লিক করুন। তৈরি হওয়া ভ্রমণচিত্রটি পিএনজি, জেপিজি কিংবা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার সুযোগ রয়েছে। পাশাপাশি একই প্ল্যাটফর্ম থেকে 'বিশ্ব ভ্রমণ ম্যাপ' তৈরির সুবিধাও দেওয়া হয়েছে।
একই সঙ্গে ট্রিপ প্ল্যান ও বাজেটিং
পুরো ভ্রমণের ট্র্যাকিং ছাড়াও এতে রয়েছে সমন্বিত ট্রিপ প্ল্যানার। দেশের ৬৪ জেলার প্রায় ২৪০টির বেশি দর্শনীয় স্থান, যাতায়াত মাধ্যম, থাকা-খাওয়ার সম্ভাব্য খরচ এবং দুর্গম এলাকায় ভ্রমণের সরকারি নির্দেশনার মতো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখানে। ব্যবহারকারীরা নিজেদের সময়, বাজেট ও ভ্রমণসঙ্গীর সংখ্যা অনুযায়ী নিকটস্থ রুটের সমন্বয়ে পুরো ভ্রমণ পরিকল্পনা সাজাতে পারেন।
ভ্রমণ শেষে আবার শুরুর জায়গায় ফিরতে চান কি না, সেই অপশনও রয়েছে। সবকিছু ঠিক হয়ে গেলে পরিকল্পনাটি প্রিন্ট বা PDF আকারে নেওয়ার সুযোগ আছে। ফলে বের হওয়ার আগে হাতে রাখা যাবে পুরো ভ্রমণ পরিকল্পনা।
এছাড়া ভ্রমণপ্রেমীদের বাংলাদেশের ভূগোল ও ঐতিহ্য সম্পর্কে ধারণা দিতে সাইটটিতে কুইজ এবং ম্যাপ পাজল গেম যুক্ত করা হয়েছে।
উদ্যোগ ও ভবিষ্যৎ ভাবনা
এই উদ্যোগটির নেপথ্যে রয়েছেন ডিজাইনার ও ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিন। নিজের ভ্রমণের হিসেব রাখার তাগিদ থেকেই তিনি এই ইন্টারঅ্যাক্টিভ অ্যাপটি তৈরি করেন। প্ল্যাটফর্মটি উন্মোচনের পরপরই নেটিজেনদের কাছ থেকে বিপুল সাড়া পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় সাব্বির হোসেন রবিন জানান, মুহূর্তের মধ্যেই হাজারো ব্যবহারকারী সাইটটি ব্যবহার করছেন। অদূর ভবিষ্যতে এতে কাস্টম ডোমেইন যুক্ত করার পাশাপাশি গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড অ্যাপ হিসেবে এটি উন্মুক্ত করার কাজ চলছে।
