logo
Advertisement

বাঁধনের ওপর হামলাকারীদের ইতালির আইনে বিচার চান আসিফ

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
বাঁধনের ওপর হামলাকারীদের ইতালির আইনে বিচার চান আসিফ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি হামলার সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, ইতালির ভেনিসে একটি পার্কে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা এবং তাকে শারীরিকভাবে আঘাত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে রাজনৈতিক ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে, সেই রাজনৈতিক শক্তির পলাতক নেতাকর্মীরা এখনো হামলা ও সহিংসতা চালিয়ে যাচ্ছে। তার ভাষ্য, বাঁধনের ওপর হামলার ঘটনা ‘পরাজিত ও নিষিদ্ধ রাজনৈতিক শক্তির পুরোনো সন্ত্রাসী চরিত্রেরই বহিঃপ্রকাশ’।

আসিফ মাহমুদ বলেন, জুলাইয়ের গণআন্দোলনে বাঁধন রাজপথে ছিলেন এবং দেশের মানুষের অধিকার ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের দাবিতে নিজের অবস্থান তুলে ধরেছিলেন। তার ওপর হামলার মধ্য দিয়ে ‘পরাজিত সন্ত্রাসী শক্তি’ এখনো প্রতিশোধ ও ভয়ভীতির রাজনীতি থেকে বের হতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, হামলা, ভয় দেখানো বা সহিংসতার মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা যাবে না। ইতালিতে বাংলাদেশের একজন নাগরিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দেশটির আইনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

পোস্টের শেষে বাঁধনের প্রতি সংহতি জানিয়ে আসিফ মাহমুদ বলেন, জুলাইয়ের সহযোদ্ধাদের ওপর যেকোনো হামলার বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট।

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর শারীরিক লাঞ্ছনা ও হামলার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে বাঁধন দাবি করেন, পার্কে পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় একদল প্রবাসী বাঙালি তাকে হেনস্তা করে এবং তার শরীরে পানি ও কোল্ডড্রিংকস ছুড়ে মারে। এ ঘটনায় তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের ইতালি প্রবাসী কর্মীদের দায়ী করেছেন।