বিএনপির কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটা আবারও প্রমাণিত: রাশেদ

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযোগ উঠার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় সংরক্ষিত নারী এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থাগ্রহণ করে। এটি আবারও প্রমাণিত হলো।
তিনি আরও লেখেন, কিন্তু জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকেও যদি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পদত্যাগ করতে বাধ্য করতেন, তাহলে হয়তো ছোট্ট মেয়ে মরিয়মের দুনিয়া ছাড়া লাগতো না।
রাশেদ খাঁন লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুন্ন করতে যারা অপচেষ্টা করবে এবং যারা নিজের স্বার্থের জন্য দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হবে, তাদের বিষয়ে প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তই যথেষ্ট হবে। সুতরাং দেশ ও জনগণের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী যে পরিকল্পনা হাতে নিয়েছেন, সেটি বাস্তবায়নে সহযোগিতা করুন।
সবশেষ তিনি লেখেন, তার (প্রধানমন্ত্রী) উদ্যোগ ও ভালো কাজ কোনো ব্যক্তির অপরাধে মলিন হওয়ার সুযোগ নেই, তিনি সুযোগ দেবেন না, ইনশাআল্লাহ।
