logo

‘ফেতনায়ে মামুনিয়া’ বই সম্পর্কে নিজেদের অবস্থান জানাল ইসলামী আন্দোলন

‘ফেতনায়ে মামুনিয়া’ বই সম্পর্কে নিজেদের অবস্থান জানাল ইসলামী আন্দোলন
‘ফেতনায়ে মামুনিয়া ও মাওলানা আব্দুল হক আজাদের গর্জন’ বইয়ের প্রচ্ছদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। কোলাজ ছবি: এশিয়া পোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ফেতনায়ে মামুনিয়া ও মাওলানা আব্দুল হক আজাদের গর্জন’ নামে একটি বইয়ের আলোচনা ছড়িয়ে পড়েছে। বইটি লেখা ও ছাপায় সহযোগিতার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলটির শীর্ষ নেতাদের দায়ী করে ফেসবুকে পোস্ট করার অভিযোগ পাওয়া গেছে। তবে বইটির সঙ্গে ইসলামী আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলের সহকারী মহাসচিব ও প্রচার বিভাগীয় প্রধান শেখ ফজলুল করীম মারুফ।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ৪১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুকে পোস্টে শেখ ফজলুল করীম মারুফ লিখেছেন, ‘ফেতনায়ে মামুনিয়া ও মাওলানা আব্দুল হক আজাদের গর্জন’ নামে শাকের হোসাইন শিবলী একটি বই লিখেছেন বলে অনলাইনে দেখা যাচ্ছে।

এই বইয়ের শিরোনামে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ হাফিজাহুল্লাহর নাম উল্লেখিত থাকলেও আমরা পরিস্কার করে জানাচ্ছি যে, এই বইয়ের সঙ্গে দলগতভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো ধরনের সম্পর্ক নেই। ব্যক্তিগতভাবেও মাওলানা আব্দুল হক আজাদ হাফিজাহুল্লাহ বা অন্য কারও কোনো সম্পর্ক নেই।’

তার মতে, রাজনৈতিক মতপার্থক্য ও তার পক্ষে নানা যুক্তি-তর্ক জারি রাখা সত্বেও ইসলামী আন্দোলন রাজনীতিতে সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান করার নীতিকে বিশ্বাস করে।

বইটির সম্পাদক মাওলানা শাকের হোসাইন শিবলীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি লেখেন, ‘এই বই নিছকই লেখকের নিজস্ব চিন্তা ও উদ্যোগ। লেখক নিজেও কোনোভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত নয়।’

এই বইকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন ও তৎসংশ্লিষ্ট কাউকে সমালোচনার বিষয় না বানানোর অনুরোধ জানিয়েছেন শেখ ফজলুল করীম মারুফ।