জুলাইকে যারা অভিশপ্ত মনে করে, তাদের জীবনে অভিশাপ নেমে আসুক’

যারা জুলাই মাসকে ‘অভিশপ্ত’ মনে করে, তাদের জীবনে অভিশাপ নেমে আসুক—এমন মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।
বুধবার (১ জুলাই) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে শাহাদাত হোসেন সেলিম লিখেছেন, ‘জুলাইকে যারা অভিশপ্ত মনে করে তাদের জীবনে অভিশাপ নেমে আসুক।’
এদিকে বিএনপির সাবেক এই সংসদ সদস্যের পোস্টটি ঘিরে ইতিমধ্যে তার অনুসারী ও সাধারণ নেটিজেনদের ব্যাপক মন্তব্য ও প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। রেজাউল করিম নামে একজন কমেন্টে লিখেছেন, ‘জুলাই বিপ্লবের চেতনা ও আত্মত্যাগকে যারা অবমূল্যায়ন করে, তাদের প্রতি আপনার এই তীব্র ক্ষোভ ও আবেগ অত্যন্ত স্পষ্ট। দেশের একটি ঐতিহাসিক ও রূপান্তরকারী অধ্যায়কে কেন্দ্র করে সাধারণ মানুষের অনুভূতি কতটা গভীর, তা এই ধরনের বক্তব্য থেকে বোঝা যায়।’
পলিয়ার ওয়াহিদ নামে আরেকজন লিখেছেন, ‘আসবে সেলিম ভাই। আপনার জুলাইধারণ আমাদের গর্বিত করে।’ আহম্মেদ তানভীর নামে এক নেটিজেন লিখেছেন, ‘যারা স্বৈরাচারী মনোভাব নিয়ে থাকে তারা জুলাইকে অভিশাপ মনে করবে এটাই স্বাভাবিক ভাই।’ এছাড়া শাহাদাত হোসেন সেলিমের ওই পোস্টে তার অনুসারী ও সাধারণ নেটিজেনদের শত শত মন্তব্য ও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দেশের রাজনৈতিক পটপরিবর্তনে এই ‘জুলাই’ মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সংবেদনশীল একটি অধ্যায় হিসেবে বিবেচিত।




