আ.লীগ কর্মীদের দ্বারা অতর্কিতভাবে আক্রমণের শিকার হই: বনি আমিন

অস্ট্রেলিয়াপ্রবাসী স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ ইতালি আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে অতর্কিতভাবে আক্রমণ করেছেন বলে জানান তিনি।
বুধবার (২২ জুলাই) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক স্ট্যাটাসে তিনি এসব বিষয় বিস্তারিত জানান।
এদিকে তাকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে হামলাকারীদের তাকে ‘মৌলবাদী‘ আখ্যা দিয়ে অশালীন ভাষায় গালাগাল করতে শোনা যায়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বনি আমিনকে ধরে রেখে আক্রমণের চেষ্টা করছেন। এ সময় বনি আমিন নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির সামনে মাটিতে ফেলে তাকে মারধর করেন তারা।
এ ঘটনায় ইতালির সংশ্লিষ্ট পুলিশ ও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বনি আমিন। তিনি বিষয়টি নিয়ে শিগগিরই বিস্তারিত একটি ভিডিও প্রকাশ করবেন বলেও জানান।
পোস্টে বনি আমি লেখেন, ‘আমি এখনো ইতালির ঐতিহাসিক নগরী রোমে আছি এবং আলহামদুলিল্লাহ, ভালো ও নিরাপদ আছি। কিছুক্ষণ আগেই সংশ্লিষ্ট ইতালীয় পুলিশ ও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে আমার একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। পুরো ঘটনা ও সর্বশেষ পরিস্থিতি নিয়ে শিগগিরই বিস্তারিত একটি ভিডিও প্রকাশ করব।’
বিষয়টি তদন্তের জানিয়ে তিনি বলেন, ‘রোমের বাংলাদেশি-অধ্যুষিত Tor Pignattara এলাকায় রাত আনুমানিক ১১টার দিকে আমাকে একা পেয়ে কয়েকজন B.A.L কর্তৃক অতর্কিতভাবে আক্রমণের শিকার হই। আমার অভিযোগ, এটি কোনো সাধারণ বা দআকস্মিক ঘটনা ছিল না; জন্মদেশ বিষয়ে আমার রাজনৈতিক অবস্থান ও মতপ্রকাশকে কেন্দ্র করেই আমাকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, কার কী ভূমিকা ছিল এবং এর পেছনে কোনো বৃহত্তর পরিকল্পনা ছিল কি না, এসব বিষয় এখন সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের তদন্তের বিষয়।’
‘ঘটনার ভিডিও ফুটেজ তারা সংগ্রহ করেছে, প্রাসঙ্গিক তথ্য ও প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুঁটে খুঁটে দেখছে। আমি বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক ও আইনের শাসনে পরিচালিত দেশে তদন্তের মাধ্যমেই সত্য উদঘাটিত হবে এবং যারা প্রকৃতপক্ষে দায়ী, সেই B.A.Lদের বিরুদ্ধে ইতালির প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
‘আমি স্পষ্ট করে বলতে চাই, হামলা, ভয়ভীতি কিংবা কোনো ধরনের চাপ আমাকে আমার বিশ্বাস ও ন্যায়ের পক্ষে কথা বলা থেকে বিরত রাখতে পারবে না।’
‘বাংলাদেশ আমার জন্মভূমি—এই মাটির প্রতি আমার ভালোবাসা কোনো রাজনৈতিক দল, সরকার কিংবা ব্যক্তির প্রতি আনুগত্যের মধ্যে সীমাবদ্ধ নয়। আমার দেশপ্রেম বাংলাদেশের মানুষ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবিক মর্যাদা ও একটি ন্যায়ভিত্তিক ভবিষ্যতের প্রতি অঙ্গীকার।’
‘যে রাজনৈতিক আদর্শ বা শক্তিকে আমি বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের পরিপন্থী মনে করি, তার বিরুদ্ধে আমার শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আদর্শিক অবস্থান অব্যাহত থাকবে। মতের বিরোধিতা করা আমার অধিকার; কিন্তু সেই বিরোধিতা হবে সত্য, যুক্তি এবং আইনের পথে।’
‘প্রতিকূলতা আমাকে থামাবে না—বরং আরও দৃঢ় করবে। আঘাত আমাকে নীরব করবে না—বরং সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস আরও বাড়াবে।’
বনি আমিন আরও বলেন, ‘দেশের বাইরে থাকলেও হৃদয়ে আমার বাংলাদেশ। বাংলাদেশের মানুষের কল্যাণ, স্বাধীন চিন্তা ও একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্নের পক্ষে আমার কণ্ঠ অবিচল থাকবে। আল্লাহ আমার সহায়। জগৎ ঘোরা আমার চলবে, সেই সাথে B.A.L-দের গত ১৭ বছরের অনাচার আমি তুলে ধরবোই। ঘোষিত ‘ডিসেম্বর মাসে হাসিনার প্রত্যাবর্তন’ হবে না, হবে না। বাংলাদেশের প্রতি ভালোবাসা আমার শক্তি আর অন্যায়ের সামনে মাথা না নোয়ানো আমার অঙ্গীকার।’
.png)






