logo

প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব: আমির হামজা

প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব: আমির হামজা
মুফতি মো. আমির হামজা। ছবি: ফেসবুক পেজ থেকে নেওয়া

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, ‘ছবর-মবরের মধ্যে আমি নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মাইর খেতে পারব না। একটা মারলে দুইটারে মারব, সেই ব্যবস্থা করেন।’

শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্যকে এসব কথা বলতে শোনা যায়।

Advertisement

এর আগে ২৬ নভেম্বর সকালে দলীয় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যান সংসদ সদস্য আমির হামজা। সেখানে প্রসঙ্গক্রমে তিনি এসব কথা বলেন।

এদিকে শুক্রবার রাত ৯টার কিছু সময় আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন আমির হামজা। নিজের হাস্যোজ্জ্বল একটা ছবি দিয়ে লেখা, ‘একটা মারলে দুইটা মারবো! কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব। -মুফতি আমির হামজা।’

ছবি: তার ফেসবুক আইডি থেকে নেওয়া
ছবি: তার ফেসবুক আইডি থেকে নেওয়া

তবে এরপর তার পেজ থেকে তিনি ফটোকার্ডটি মুছে ফেলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা মো. শাহজাহান আলীর বাড়ি ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ রয়েছে, জুগিয়া এলাকায় বালুর ঘাট নিয়ে বিরোধের জেরে এই হামলা চালানো হয়। এ ঘটনায় মো. শাহজাহান ও আমির হামজা স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।