logo

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম, তবু হয়নি গেজেট

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম, তবু হয়নি গেজেট
নাহিদ আহমেদ। ছবি: ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

৪৯তম বিসিএস পরীক্ষায় হিসাববিজ্ঞানে প্রথম স্থান অর্জন করেও গেজেটে নাম না আসার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদ আহমেদ। তবে কী কারণে তার গেজেট হয়নি, তা তিনি নিজেও জানেন না বলে জানিয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

পোস্টে নাহিদ লেখেন, যাই হোক, ভেবেছিলাম কিছু লিখব না! কিন্তু সবার কল এবং ম্যাসেজের কারণে লিখতে বাধ্য হচ্ছি।

তিনি আরও লেখেন, ৪৯ তম বিসিএসে হিসাববিজ্ঞানে ১ম হয়েও আমার গেজেট হয়নি। কী কারণে তা আমি জানি না!

নিজের পরিচিতজনদের উদ্দেশে নাহিদ লেখেন, ক্যাম্পাসের এবং গোপালগঞ্জের যারা আমাকে চিনেন, তারা আমার রাজনৈতিক ফিরিস্তি কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন।

৪৯তম বিসিএসের বিশেষ পরীক্ষায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৬৬৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করেছিল। চূড়ান্ত গেজেটে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সুপারিশ পাওয়া ৫৭ জন প্রার্থী চূড়ান্ত গেজেটে স্থান পাননি।

চূড়ান্ত ফল প্রকাশের পর গেজেট প্রকাশ পর্যন্ত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নাহিদ আহমেদের নাম চূড়ান্ত গেজেটে না থাকায় বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানান।