আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা হবিগঞ্জ যাওয়ার পথে পুলিশ বাধার শিকার হয়েছেন। পূর্বঘোষণা অনুযায়ী সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাওয়ার সময় পুলিশের সঙ্গে এনসিপি নেতাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এমন পরিস্থিতিতে ‘আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না’ বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
বুধবার (২৯ জুলাই) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘বালুর ট্রাক ভোলা সহজ নয়। কিন্তু আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না।’
এর আগে বুধবার (২৯ জুলাই) এনসিপি নেতারা মৌলভীবাজার সার্কিট হাউস থেকে রওনা দিয়ে বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ রাস্তায় ব্যারিকেড দেয়।
এ সময় পুলিশের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, ডা. মাহমুদা জাহান মিতু, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহসহ এনসিপির নেতাকর্মীদের দীর্ঘসময় বাগবিতণ্ডা চলে। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হন তারা। পরে আবার বাধা দিলে তারা সড়কে বসে পড়েন।
এর আগে গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরে হামলা চালান বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। এতে বেশ কয়েকজন আহত হন।
জুলাই পদযাত্রায় এই হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে সেখানেই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল এনসিপি। তাদের এই ঘোষণার পর একই স্থানে বিএনপি ও ছাত্রদল কর্মসূচি ঘোষণা করে।
বিএনপি ও এনসিপির মধ্যে টান টান উত্তেজনার মধ্যে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
.png)






