বাবার অভিযোগের পর তাশরীফের স্ট্যাটাস, কী লিখলেন

ধর্মীয় বক্তা হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে অসুস্থ বাবার ভরণপোষণ না দেওয়া ও খোঁজখবর না রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ‘মিডিয়া চাইলে বাপকেও কিনতে পারে।’
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে দেওয়া ওই স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
এর আগে সোমবার রাতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে তাশরীফের বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ ছেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি দাবি করেন, অসুস্থ অবস্থায় আর্থিক সহযোগিতা চেয়েও ছেলের কাছ থেকে তা পাননি। এমনকি ছেলে তার খোঁজখবরও রাখেন না।
হেদায়েতুল্লাহর অভিযোগ, ছেলের পরামর্শে তিনি মসজিদের ইমামতির চাকরি ছেড়ে দিয়েছিলেন। এর বিনিময়ে প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। তবে পরে তাকে আর কোনো টাকা দেওয়া হয়নি।
সাক্ষাৎকারে হেদায়েতুল্লাহ বলেন, কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়ে মাওলানা ও হাফেজ বানিয়েছেন তিনি। ছোটবেলায় ছেলের প্রস্রাব বন্ধ হয়ে গেলে চিকিৎসার জন্য তাকে ঢাকা, ময়মনসিংহ ও মির্জাপুরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। এ জন্য মানুষের কাছ থেকে টাকা চেয়ে চিকিৎসার খরচ জোগাড় করেন বলেও দাবি করেন তিনি।
নিজের অসুস্থতার সময় ছেলের কাছে আর্থিক সহযোগিতা চেয়েও না পাওয়ার অভিযোগ করে হেদায়েতুল্লাহ বলেন, ছেলে তাকে টাকা না দিয়ে জমি কেনার কথা জানিয়েছিলেন। ছেলেকে কষ্ট করে লেখাপড়া শেখানো ও লালন-পালন করার পরও প্রয়োজনে তার কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি।
সম্প্রতি টঙ্গীর একটি মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় ওই শিক্ষকের পক্ষে বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন জুবায়ের আহমাদ তাশরীফ। এর পর তার বাবার অভিযোগ এবং সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

