টক শো ছাড়ার ঘোষণা দিলেন গোলাম মওলা রনি

টেলিভিশনের টক শোতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মওলা রনি।
সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে গোলাম মওলা রনি লিখেছেন, ‘আল-বিদা টক শো। ব্যস্ততা ও স্বাস্থ্যগত কারণে কোনো টিভি টকশোতে যাব না।’
মূলধারার টেলিভিশন চ্যানেলগুলোতে না গেলেও নিজের ইউটিউব চ্যানেলে কথা বলবেন বলে জানান তিনি।
দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন টেলিভিশন টক শোতে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন গোলাম মওলা রনি। সেখানে তিনি রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করে আসছিলেন। একই সঙ্গে বিভিন্ন জাতীয় দৈনিকে সমসাময়িক বিষয়ে কলাম লিখছেন তিনি।
গোলাম মওলা রনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের ২৬ নভেম্বর তিনি বিএনপিতে যোগ দেন। ওই বছর পটুয়াখালী-৩ আসনে নির্বাচন করে পরাজিত হন।





