আবারও প্রমাণ হলো আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আবু হানিফ

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় আবারও প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। একই সঙ্গে আওয়ামী লীগের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নারকীয় হামলা চালিয়েছিল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন। এত হত্যাযজ্ঞ চালিয়েও ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি দলটি। অবশেষে ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাধ্য হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শুধু শেখ হাসিনাই নন, আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাও বিদেশে পালিয়ে যান। পলাতক এসব নেতা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছেন এবং নানা হুমকি-ধামকি দিচ্ছেন। যদিও বাস্তবে তাদের দেশে ফেরার কোনো সুযোগ নেই।
আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী সংগঠন তা বারবার প্রমাণিত হচ্ছে উল্লেখ করে আবু হানিফ বলেন, শনিবার গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের দুই সদস্য আহত হন এবং সন্ত্রাসীরা পুলিশের গাড়িও ভাঙচুর করে। তাই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
