জামায়াত এমপি গাজী নজরুলকে নিয়ে ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (সাতক্ষীরা-৪ আসন) গাজী নজরুল ইসলামের এক তরুণীর সঙ্গে থাকা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দেশব্যাপী চলছে নানা আলোচনা-সমালোচনা।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।
বুধবার (২২ জুলাই) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে হতাশা প্রকাশ করে প্রশ্ন রাখেন তিনি।
পোস্টে তিনি লেখেন, ‘দুই দিন আগেই বলেছিলাম, দায়িত্বশীল হতে হবে। দুই দিন পর আজকে ফেসবুকে ঢুকে দেখি জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম।’
পোস্টে তিনি ইংরেজি শব্দে ‘Why!!! Simply why!!’ লিখেও প্রশ্ন রাখেন।
সম্প্রতি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সোমবার (২০ জুলাই) রাত থেকে ভিডিওটি ভাইরাল হলে তা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
যদিও এ বিষয়ে গাজী নজরুল ইসলাম দাবি করে বলেছেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সম্মতিতে গত ১৭ জুন ওই তরুণীকে বিয়ে করেছেন।
এদিকে সামাজিক মাধ্যমে ওই তরুণীর একটি জীবনবৃত্তান্ত ছড়িয়ে পড়েছে। এতে সবুজ কালির কলমে 'জোর সুপারিশ করছি' লিখে স্বাক্ষর করেছেন নজরুল ইসলাম, যাতে তারিখ উল্লেখ আছে ২২ জুন ২০২৬। আবার জীবনবৃত্তান্তে তরুণীটির বৈবাহিক অবস্থা উল্লেখ রয়েছে 'অবিবাহিত'।
ভাইরাল ওই জীবনবৃত্তান্ত অনুযায়ী, তরুণীর জন্মতারিখ ২০০৮ সালের ২২ মে। অর্থাৎ ৭৭ বছর বয়সী এমপি নজরুল ইসলামের দাবি অনুযায়ী ১৭ জুন বিয়ে হলে ওই দিন তরুণীর বয়স ছিল ১৮ বছর ২৬ দিন।
এ নিয়ে জামায়াতে ইসলামীও অফিসিয়ালি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তথ্য-প্রমাণসহ প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
.png)






