ভারতকে বাংলাদেশে আক্রমণের আহ্বান আওয়ামী লীগ নেতার

বাংলাদেশে সামরিক হামলা চালানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলী মানিক।
আলোচিত ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে ‘সাউথ এশিয়ান ইনডেক্স’ নামের একটি এক্স অ্যাকাউন্টের পোস্টে এ আহ্বান করেন মোহাম্মদ আলী মানিক।
সাউথ এশিয়ান ইনডেক্সের এক্সে দেওয়া একাধিক পোস্ট ও মন্তব্যে তিনি বাংলাদেশে ভারতের আগ্রাসনের পক্ষে অবস্থান নেন।
পোস্টে মোহাম্মদ আলী মানিক লেখেন, ‘নিজের নিরাপত্তার স্বার্থে ভারতের এখন রাশিয়ার মতো পদক্ষেপ নেওয়া উচিত। ন্যাটোতে যোগ দেওয়ার কারণে রাশিয়া যেভাবে ইউক্রেনে আক্রমণ চালিয়েছে।’
লোহিত সাগর দিয়ে জ্বালানি রপ্তানিতে বাধা পেয়ে বাংলাদেশসহ ১৩টি দেশ নিয়ে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। যেখানে পাকিস্তান ও তুরস্কের পাশাপাশি রয়েছে বাংলাদেশের নামও। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই এ নিয়ে চলছে নানা আলোচনা।
বাংলাদেশ এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, ভারত এ-সংক্রান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
রণধীর জয়সওয়ালের ওই বক্তব্যসংবলিত একটি পোস্ট শেয়ার করে মোহাম্মদ আলী মানিক লেখেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরপরই বাংলাদেশে আক্রমণ না করে ভারত বড় ভুল করেছিল। তারা এখন একই ভুল করলে একই মূল্য দিতে হবে।‘
তবে এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সমালোচনার মুখে মোহাম্মদ আলী মানিক পরে তার এক্স অ্যাকাউন্টটি মুছে দেন।
সূত্র: দ্য ডিসেন্ট



