logo
Advertisement

মহামান্য রাষ্ট্রপতি আপনার ওয়াদা পূর্ণ করুন: জুমা

এশিয়া পোস্ট ডেস্ক
মহামান্য রাষ্ট্রপতি আপনার ওয়াদা পূর্ণ করুন: জুমা
বাঁ থেকে— মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ফাতিমা তাসনিম জুমা। ছবি: সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে ডাকসু মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি, আপনার ওয়াদা পূর্ণ করুন।

Advertisement

বৃহস্পতিবার (২০ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুকে এমন পোস্ট করেন জুমা।

জুমা তার এ পোস্টে জাতীয় নির্বাচন পূর্ববর্তী গত ১৪ জানুয়ারিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি পোস্টের স্কিনশর্ট শেয়ার করেন। তাতে দেখা যায়, মির্জা ফখরুল লিখেছেন— আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম। সাথে আমার স্ত্রী! একটি তরুণ তার স্ত্রীকে নিয়ে এগিয়ে এলো আমার দিকে— ‘স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি!’ আমি বললাম, ইনশাআল্লাহ।

এরপর মির্জা ফখরুল লিখেছেন, একটি ছেলে, একদম তরুণ, যে ছিল গণতন্ত্রের পক্ষে, নির্বাচন নিয়ে কী উচ্ছ্বাস, প্রচারণা চালাচ্ছিল, তাকে এভাবে হত্যা করা হলো! এর বিচার হতেই হবে। মুসাব্বির, সাম্য— প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতে। ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ইতোমধ্যে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। এতে মোট ভোটার ছিল ৩৪৯, ভোট পড়েছে ৩৪৩টি। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন।