logo
Advertisement

সাদিক কায়েমকে অভিনন্দন জানিয়ে পাটওয়ারীর পোস্ট

সাদিক কায়েমকে অভিনন্দন জানিয়ে পাটওয়ারীর পোস্ট
আবু সাদিক কায়েম ও নাসীরুদ্দীন পাটওয়ারী (বাঁ থেকে)। ছবি: ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামীর ঘোষিত মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমকে আন্তরিক স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন আরেক মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে আবু সাদিক কায়েমকে আন্তরিক স্বাগত ও অভিনন্দন।

তিনি লেখেন, গণতান্ত্রিক প্রতিযোগিতায় মতের ভিন্নতা থাকুক, তবে থাকুক সৌহার্দ্য, সৌজন্য ও ইতিবাচক প্রতিযোগিতা।

তিনি আরও লেখেন, আসুন, ঢাকার জন্য প্রতিযোগিতা হোক, কে কতটা ভালো সেবা ও পরিবর্তন দিতে পারি।

সবশেষ পোস্টে আবু সাদিক কায়েমের জন্য শুভকামনাও জানান তিনি।

এর আগে সোমবার বিকেলে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরমধ্যে উত্তরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও দক্ষিণ সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম নির্বাচন করবেন বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।