logo

জামায়াত আমিরের পোস্ট/আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে কালো অধ্যায়

আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে কালো অধ্যায়
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: প্রথম আলোর ফাইল ছবি

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তাকে মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ ঘটনাকে বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে উল্লেখ্য করেছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের দেওয়া এক পোস্টে এমন প্রতিক্রিয়া জানান জামায়াত আমির।

পোস্টে জামায়াত আমির লেখেন, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তার কক্ষের ভেতরে তাকে মারধর করা হয়েছে।

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে এ ঘটনাটি ঘটিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

পোস্টে শফিকুর রহমান লেখেন, আজকে সকাল ১১টায় আইইডিসিআর (IEDCR)-এ যে ঘটনা ঘটেছে—সমাজের একটি বিশেষায়িত উচ্চশিক্ষিত সমাজেও যদি এই ধরনের মব স্পষ্ট দিবালোকে বেপরোয়াভাবে তৈরি করা হয়, তাহলে ভাবা যায় দেশ কোন পথে?

তিনি আরও লেখেন, একটার পর একটা অঘটন ঘটেই চলছে। রাড্ডা মেডিকেল সেন্টার ভাঙচুর ও লুটপাটের ক্ষত এখনও তাজা। সেই অবস্থায় সরকারি দলের চিকিৎসকদের সংগঠন ড্যাব-এর নেতাকর্মীরা আজকে যে ঘটনা ঘটালেন, তা বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করলেন।

সবশেষে জামায়াত আমির লেখেন, এটি নিঃসন্দেহে সীমালঙ্ঘন, ধৃষ্টতা ও অপরাধমূলক কাজ। এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার হতেই হবে। তা না হলে ভঙ্গুর স্বাস্থ্যসেবা কোনো অবস্থাতেই উঠে দাঁড়াতে পারবে না।