logo

নিউমার্কেটে দখল ঠেকাতে বসানো টবের ফাঁকে ফিরছেন হকাররা

নিউমার্কেটে দখল ঠেকাতে বসানো টবের ফাঁকে ফিরছেন হকাররা
নিউমার্কেটের সামনের ফুটপাতে টবের ফাঁকে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। ছবি: এশিয়া পোস্ট

ভাসমান হকারদের কবল থেকে ফুটপাত দখলমুক্ত করতে গত কয়েক মাসে নানা উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর অংশ হিসেবে ৩১ অক্টোবর অভিযান চালিয়ে নিউমার্কেট এলাকার ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করে রাস্তা ফাঁকা করে সংস্থাটি। পরে নীলক্ষেত মোড় থেকে নিউমার্কেটের ৪ নম্বর গেট পর্যন্ত ফুটপাতজুড়ে ১০০টির বেশি টব এনে গাছের চারা রোপণ করা হয়।

উদ্দেশ্য ছিল, হকাররা যেন আবারও সেখানে বসতে না পারে। তবে সেই অভিযানের এক সপ্তাহের মাথায় ওই টবের ফাঁকে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা।

সরেজমিনে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, টবগুলোকে দোকানের সীমানা হিসেবে ব্যবহার করছেন হকাররা। কোথাও আবার টব কিছুটা সরিয়ে নিজেদের বসার জায়গা বাড়িয়ে নেওয়া হয়েছে। কেউবা টবের মাটির ওপরেই রেখেছেন ছোটখাটো মালামাল। পুরো এলাকায় বেচাকেনা তখন জমজমাট।

নিউমার্কেটের ৪ নম্বর গেটের সামনে পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন হকাররা। সোমবার দুপুর ১২টায়। ছবি: এশিয়া পোস্ট
নিউমার্কেটের ৪ নম্বর গেটের সামনে পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন হকাররা। সোমবার দুপুর ১২টায়। ছবি: এশিয়া পোস্ট

পরদিন সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। ফুটপাতের অনেকটা অংশ তখন ফাঁকা। টবগুলো সারি বেঁধে দাঁড়িয়ে আছে। দুপুর ১২টার দিকে ৪ নম্বর গেটের পাশে বেশকিছু দোকান বসতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে হাজির হন সিটি করপোরেশনের এক কর্মকর্তা। তার উপস্থিতি টের পেয়ে হকাররা দ্রুত মালামাল গুছিয়ে পালাতে শুরু করে। আশপাশের দোকানদাররা জানান, দিনভর এভাবেই চলে লুকোচুরি।

ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন ইডেন কলেজের শিক্ষার্থী তানজিনা তনু। তিনি বলেন, ‘গত সপ্তাহে উচ্ছেদের পর ভেবেছিলাম এবার হয়তো ফুটপাত ফাঁকা থাকবে, শান্তিতে হাঁটা যাবে। কিন্তু এখন দেখছি আগের মতোই অবস্থা। পর্যাপ্ত জায়গা না থাকায় আমাদের আবারও ঝুঁকি নিয়ে মূল রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে।’

সিটি করপোরেশনের কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে দোকান গুটিয়ে মালামাল নিয়ে সটকে পড়ছেন হকাররা। সোমবার দুপুরে। ছবি: এশিয়া পোস্ট
সিটি করপোরেশনের কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে দোকান গুটিয়ে মালামাল নিয়ে সটকে পড়ছেন হকাররা। সোমবার দুপুরে। ছবি: এশিয়া পোস্ট

নাম প্রকাশ না করার শর্তে কথা হয় ফুটপাতে কাপড় বিক্রি করা এক হকারের সঙ্গে। তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘আমাদের তো পেটের ভাত জোগাতে হবে। সিটি করপোরেশন উচ্ছেদ করে দিল, কিন্তু পুনর্বাসনের কোনো ব্যবস্থা করেনি। দোকান না বসালে পরিবার নিয়ে কোথায় যাব? তাই বাধ্য হয়ে আবার বসেছি।’

উচ্ছেদের দিন ডিএসসিসির পক্ষ থেকে ফুটপাত বেদখলের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। বলা হয়েছিল, ফুটপাত আবার দখল করলে মালামাল বাজেয়াপ্তসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে পথচারীরা বলছেন, এসব উচ্ছেদের পর সচরাচর ফুটপাত এক-দুই দিনের বেশি পরিষ্কার থাকে না। এরপর অদৃশ্য সিন্ডিকেটের ইশারায় হকাররা আবারও ফুটপাতের দখল নেয়।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। সর্বোচ্চ চেষ্টা করছি। অবৈধ হকার উচ্ছেদের ব্যাপারে আমাদের অবস্থান কঠোর।’