logo
Advertisement
জুনিয়র হকি এশিয়া কাপ

মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ, টিকে রইল বিশ্বকাপের আশা

মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ, টিকে রইল বিশ্বকাপের আশা
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন

জুনিয়র এশিয়া কাপ শেষটা জয় দিয়েই করল বাংলাদেশের মেয়েরা। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। এই জয়ে টুর্নামেন্টে পঞ্চম হওয়ার পাশাপাশি ২০২৭ জুনিয়র বিশ্বকাপে খেলার ক্ষীণ আশাটাও বাঁচিয়ে রেখেছে তারা।

শনিবার চীনের মোকিতে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৩১ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক সারিকা রিমন। পেনাল্টি স্ট্রোক থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

শেষ কোয়ার্টারের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোনা আক্তার। ৫০ মিনিটে ফিল্ড গোল থেকে তাঁর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা করে মালয়েশিয়া। ৫৯ মিনিটে ইরদিনা জেফ্রি একটি গোল শোধ করলেও বাকি সময় আর সুযোগ দেয়নি বাংলাদেশ। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা।

এই জয়ে ছয় ম্যাচের পাঁচটিই জিতে জুনিয়র এশিয়া কাপ শেষ করল বাংলাদেশ। গ্রুপ পর্বে চাইনিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে হারিয়ে অপরাজিত থেকেই কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা।

শেষ আটে অবশ্য শক্তিশালী জাপানের কাছে ২-০ গোলে হেরে সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ হারায় বাংলাদেশ।

তারপরও বিশ্বকাপের দরজা পুরোপুরি বন্ধ হয়নি।

ফিআইএইচের ২০২৭ নারী জুনিয়র বিশ্বকাপের বাছাই নিয়ম অনুযায়ী এশিয়া কাপ থেকে তিনটি দল সরাসরি জায়গা পাবে। জুনিয়র বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে এশিয়ার জন্য আরও একটি কোটা রয়েছে। অর্থাৎ বর্তমান হিসাবে শীর্ষ চার দল বিশ্বকাপের টিকিট পাবে।

তবে ২০২৭ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ভারত পেলে সমীকরণ বদলে যাবে। আয়োজক হিসেবে ভারত সরাসরি জায়গা পাবে এবং এশিয়ার অন্য চারটি কোটা আলাদা থাকবে। সেক্ষেত্রে এশিয়া কাপের পঞ্চম দল হিসেবে বাংলাদেশের সামনে প্রথমবার নারী জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হবে।

তাই মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম হওয়াটা বাংলাদেশের জন্য কেবল সান্ত্বনার জয় নয়। বিশ্বকাপের আয়োজক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে থাকবে বাংলাদেশের মেয়েরা।

পুরো টুর্নামেন্টে ছয় ম্যাচে ২৬ গোল করেছে বাংলাদেশ, হজম করেছে মাত্র পাঁচটি। একমাত্র হারটি এসেছে জাপানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে।