logo

চাইনিজ তাইপেকে হারিয়ে পদকের আরও কাছে বাংলাদেশ

চাইনিজ তাইপেকে হারিয়ে পদকের আরও কাছে বাংলাদেশ
বাংলাদেশ কাবাডি দল। ছবি: বিওএ

এশিয়ান গেমসে কাবাডিতে পদকের আরও কাছে পৌঁছে গেল বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারানোর পর এবার চাইনিজ তাইপেকে ৪৮-৪৭ পয়েন্টে হারিয়েছে লাল-সবুজের দল।

নাগোয়ার তোখাই সিটিজেন জিমনেসিয়ামে ম্যাচটি ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। কখনো এগিয়েছে বাংলাদেশ, কখনো লিড নিয়েছে চাইনিজ তাইপে। শেষ পর্যন্ত মাত্র এক পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

প্রথমার্ধে অবশ্য নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতেই। এক পর্যায়ে সাত পয়েন্টে এগিয়ে গেলেও শেষ দিকে কয়েকটি ভুলে ব্যবধান কমিয়ে আনে চাইনিজ তাইপে। তারপরও ২৪-২০ পয়েন্টে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে পাল্টা চাপ তৈরি করে তাইপে। এক পর্যায়ে ৩৬-৩৫ ব্যবধানে এগিয়েও যায় তারা। শেষ চার মিনিটে আবার ম্যাচে ফেরে বাংলাদেশ। ৪০-৩৯ লিড নেওয়ার পর শেষ তিন মিনিটে শুরু হয় তীব্র স্নায়ুযুদ্ধ।

শেষ পর্যন্ত ৪৮-৪৭ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন খেলোয়াড়েরা।

দিনের শুরুতে গ্রুপ ‘এ’-র প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধে সেই ম্যাচেও ১৭-১৬ ব্যবধানে এগিয়ে ছিল তারা।

টানা দুই জয়ে এখন সেমিফাইনালে ওঠার দারুণ অবস্থানে বাংলাদেশ। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপান। গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে।

কাবাডিতে আলাদা ব্রোঞ্জ পদকের ম্যাচ নেই। দুই সেমিফাইনালে পরাজিত দলই ব্রোঞ্জ পায়। ফলে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে পারলেই বাংলাদেশের পদকও নিশ্চিত হয়ে যাবে।

গত এশিয়ান গেমসে চাইনিজ তাইপের কাছে হেরেই পদকের লড়াই থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। এবার সেই প্রতিপক্ষকে হারিয়েই পুরোনো হতাশার জবাব দিল লাল-সবুজের দল।