শর্তে আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন লিওনেল স্কালোনি

চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল চুক্তির মেয়াদ। ভবিষ্যৎ চুক্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সব অনিশ্চয়তা কাটিয়ে দলের দায়িত্ব চালিয়ে যেতে রাজি হয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করা কোচ লিওনেল স্কালোনি।
নতুন এই চুক্তির আলোচনায় উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ শর্ত। সবকিছু ঠিক থাকলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে দেখা যেতে পারে স্কালোনিকে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তিতে সই করতে যাচ্ছেন স্কালোনি। চুক্তিতে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত নেওয়ার সুযোগ থাকবে।
টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, লিওনেল স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল সংস্থার মধ্যে আলোচনা ভালোভাবে এগিয়ে চলেছে এবং এমন জোরালো আশাবাদ রয়েছে যে নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতির সময় এই চুক্তি সম্পন্ন হতে পারে। এই বিরতিতে আর্জেন্টিনা উরুগুয়ের ও কোস্টা রিকার বিপক্ষে খেলবে।
এর আগে বেনিনের বিপক্ষে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি বলেছিলেন, ‘সবকিছু ঠিক থাকলে আমি কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাব।’
যদিও তখন পর্যন্ত তার থাকা নিয়ে কোনো আনুষ্ঠানিক খবর ছিল না, তবে এখন জানা গেছে যে জাতীয় দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি নতুন চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়, নতুন চুক্তি প্রাথমিকভাবে দুই বছরের জন্য হবে। এর সঙ্গে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ (অপশন) থাকবে। ২০২৮ কোপা আমেরিকার পর এই মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রায় স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হতে পারে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত। এটি হবে জাতীয় দলের কোচ হিসেবে তার তৃতীয় বিশ্বকাপ।
উল্লেখ্য, ২০৩০ বিশ্বকাপের অন্যতম উদ্বোধনী ম্যাচটি আর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে অথবা ৯ থেকে ১৭ নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতির সময় নতুন চুক্তির ঘোষণা আসতে পারে। ওই সময়ে স্কালোনির আর্জেন্টিনায় থাকার কথা রয়েছে।
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের পরিকল্পনাও এগিয়ে নিচ্ছেন স্কালোনি। চলতি বছর নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৭ নভেম্বর কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।
নতুন চুক্তি চূড়ান্ত হলে আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির মেয়াদ এক দশক ছাড়িয়ে যাওয়ার পথ তৈরি হবে। তার অধীনে ২০২২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি কোপা আমেরিকাতেও সাফল্য পেয়েছে আর্জেন্টিনা।

-8b07d6.webp)