logo
এশিয়ান গেমস

হিটে চতুর্থ হয়েও সেমিফাইনালে ইমরানুর

হিটে চতুর্থ হয়েও সেমিফাইনালে ইমরানুর
ইমরানুর রহমান। পুরোনো ছবি

এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। নিজের হিটে সেরা তিনে থাকতে না পারলেও সময়ের হিসাবে পরের ধাপের টিকিট নিশ্চিত করেছেন তিনি।

বৃহস্পতিবার নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে পুরুষদের ১০০ মিটারের পঞ্চম হিটে দৌড়ান ইমরানুর। সাত প্রতিযোগীর মধ্যে চতুর্থ হয়ে দৌড় শেষ করেন ১০.৪৯ সেকেন্ডে। প্রতিটি হিটের প্রথম তিনজন সরাসরি সেমিফাইনালে ওঠার পাশাপাশি বাকিদের মধ্যে দ্রুততম ছয়জনের সুযোগ ছিল। সেই পথেই শেষ চব্বিশে জায়গা করে নেন বাংলাদেশের স্প্রিন্টার। সব হিট মিলিয়ে তার অবস্থান ছিল ২২তম।

অবশ্য নিজের সেরা সময়ের কাছাকাছি যেতে পারেননি ইমরানুর। ১০০ মিটারে তার ব্যক্তিগত সেরা ১০.১১ সেকেন্ড, আর চলতি মৌসুমে সেরা সময় ১০.২৪ সেকেন্ড। হিটে সেই দুই সময়ের চেয়ে পিছিয়ে থাকলেও মূল লক্ষ্য, সেমিফাইনালের জায়গা নিশ্চিত করতে পেরেছেন।

শুক্রবার সন্ধ্যার সেশনে হবে পুরুষদের ১০০ মিটারের সেমিফাইনাল। একই সেশনেই রয়েছে ফাইনালও। অর্থাৎ সেমিফাইনালের বাধা পেরোতে পারলে সেদিনই পদকের লড়াইয়ে নামার সুযোগ পাবেন ইমরানুর।

এর আগের এশিয়ান গেমসেও ১০০ মিটারের সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর। ২০২৩ সালে হাংঝুতে সেমিফাইনালে ১০.৪২ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছিলেন তিনি।