logo

হিটস্ট্রোকের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রাগবি খেলোয়াড়ের মৃত্যু

হিটস্ট্রোকের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রাগবি খেলোয়াড়ের মৃত্যু
ফিজির রাগবি খেলোয়াড় সাইমোনি ভুনিলাগি। ছবি: জাপান রাগবি

জাপানে দলের সাথে অনুশীলনের পর গুরুতর হিটস্ট্রোকের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ফিজির রাগবি খেলোয়াড় সাইমোনি ভুনিলাগি মারা গেছেন। তার বয়স হয়েছিল ২৬ বছর। সামাজিক মাধ্যমে হিটস্ট্রোকে মৃত্যু বলে ছড়িয়ে পড়লেও মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

জাপানের দ্বিতীয় বিভাগের ক্লাব কিউশু কেভি শনিবার এক বিবৃতিতে জানায়, সোমবার অনুশীলনের পর অসুস্থ হয়ে পড়েন ভুনিলাগি। ফুকুওকার একটি হাসপাতালে নেওয়ার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

ক্লাবের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার সময় তার মধ্যে গুরুতর হিটস্ট্রোকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপসর্গ ছিল। ওই দিন ফুকুওকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।

১ দশমিক ৯৬ মিটার উচ্চতার ভুনিলাগির ওজন ছিল ১১৭ কেজি। জাপানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এই ফরোয়ার্ড ২০২৩ সালে পেশাদার রাগবিতে পথচলা শুরু করেন। নতুন মৌসুমের আগে সম্প্রতি কিউশু কেভিতে যোগ দিয়েছিলেন তিনি।

ক্লাবটি জানিয়েছে, ভুনিলাগির আকস্মিক মৃত্যুতে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাই শোকাহত।

জাপানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তীব্র গরম চলছে। দেশটির অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার হিসাবে, ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ১৮ হাজার ৬০০ মানুষকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ৪৫ জনকে মৃত ঘোষণা করা হয়েছিল।