মিরপুরে সবুজ উইকেটে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় জয় পাওয়া বাংলাদেশ এই ম্যাচে একই একাদশ ধরে রেখেছে। অন্যদিকে পাকিস্তান দলে ফিরেছেন পেসার হারিস রউফ।
টস জিতে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, তারা আগে বোলিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রথম ম্যাচে পেসারদের দারুণ বোলিংয়ের কথা উল্লেখ করে তিনি জানান, শুরুতেই উইকেট নেওয়ার চেষ্টা থাকবে।
‘রানা আগের ম্যাচে দারুণ করেছে। প্রথম ১০ ওভারে উইকেট নেওয়ার চেষ্টা করব। উইকেটে ঘাস আছে, তবে এতে আমাদের কোনো সমস্যা নেই,’ বলেন মিরাজ।
পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি মনে করেন, উইকেটটি ব্যাটিংয়ের জন্যও ভালো। তার মতে, ব্যাটাররা আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে ভালো করতে পারবে।
‘উইকেটটা শক্ত এবং সবুজ দেখাচ্ছে। ব্যাটাররা নিজেদের ভুল বুঝেছে। আশা করি, মাঝের ওভারগুলো ভালো খেলতে পারলে বড় সংগ্রহ গড়া সম্ভব,’ বলেন তিনি।
এই ম্যাচে পাকিস্তান দলে একটি পরিবর্তন এসেছে। স্পিনার আবরার আহমেদকে বিশ্রাম দিয়ে দলে নেওয়া হয়েছে হারিস রউফকে।
একাদশ
বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, মাআজ সাদাকাত, শামিল হুসেইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।