এক ঘণ্টা পিছিয়েছে ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ

বিশ্বকাপের শেষ ষোলোর ইংল্যান্ড ও মেক্সিকোর ম্যাচ বাংলাদেশ সময় সোমবার (৬ জুলাই) সকাল ৬টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে নিরাপত্তার স্বার্থে খেলা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। এর ফলে নির্ধারিত সময়ের পরিবর্তে ম্যাচটি শুরু হবে সকাল ৭টায়।
মেক্সিকো সিটিতে দিনভর ভারী বৃষ্টি হয়েছে। ম্যাচের ভেন্যু আজতেকা স্টেডিয়ামের ওপর বজ্রপাতও লক্ষ করা গেছে।
বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস থাকায় ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে আজতেকা স্টেডিয়ামে কর্মরত সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের ঝুঁকি থাকায় দুই দলকেও নির্ধারিত সময়ের আগে স্টেডিয়ামে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।
ফিফার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে সর্বশেষ বজ্রপাত শনাক্ত হওয়ার পর অন্তত ৩০ মিনিট না পার হওয়া পর্যন্ত খেলা শুরু করা যাবে না।
এর আগে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে ইংল্যান্ড ও মেক্সিকো ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করেছিল ফিফা। যদিও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত নির্ধারিত দিনেই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, তবে বৈরী আবহাওয়ার কারণে কিক-অফ এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে।





