এক সেকেন্ডে পেছনে পড়ল ছয় বছরের বিশ্বরেকর্ড

মাত্র এক সেকেন্ডের ব্যবধানে ছয় বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিলেন কেনিয়ার অ্যাগনেস জেবেত এনগেটিচ। কোপেনহেগেনে বিশ্ব অ্যাথলেটিকস রোড রানিং চ্যাম্পিয়নশিপের নারী হাফ ম্যারাথনে ১ ঘণ্টা ৫ মিনিট ১৫ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
এটি নারীদের আলাদা হাফ ম্যারাথন রেসের বিশ্বরেকর্ড। আগের রেকর্ডটিও ছিল কেনিয়ারই পেরেস জেপচিরচিরের। ২০২০ সালে পোল্যান্ডের গদিনিয়ায় বিশ্ব হাফ ম্যারাথন চ্যাম্পিয়নশিপে ১ ঘণ্টা ৫ মিনিট ১৬ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি।
রোববার ডেনমার্কের রাজধানীতে শুরু থেকেই এগিয়ে ছিলেন এনগেটিচ। শেষ পর্যন্ত আর কাউকেই তাকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেননি ২৫ বছর বয়সী এই অ্যাথলেট।
এনগেটিচের সবচেয়ে কাছাকাছি ছিলেন স্বদেশি ভেরোনিকা লোলেও। তবে তিনিও শেষ করেন ৫০ সেকেন্ড পরে। ফলে বিশ্বরেকর্ডের পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বর্ণও জিতে নেন এনগেটিচ।
তবে এটি নারীদের হাফ ম্যারাথনের সামগ্রিক দ্রুততম সময় নয়। নারী-পুরুষ একসঙ্গে অংশ নেওয়া রেসের বিশ্বরেকর্ডটি এখনো ইথিওপিয়ার লেতেসেনবেত গিদেয়ের দখলে। ২০২১ সালে তিনি ১ ঘণ্টা ২ মিনিট ৫২ সেকেন্ড সময় করেছিলেন।
এনগেটিচের জন্য বছরটিও যাচ্ছে দুর্দান্ত। জানুয়ারিতে বিশ্ব ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন তিনি। এর আগে নারীদের আলাদা ১০ কিলোমিটার রেসের বিশ্বরেকর্ডও গড়েছেন কেনিয়ার এই দূরপাল্লার দৌড়বিদ।
